IPL 2026

আইপিএলের প্রথম ২০ ম্যাচের সূচি ঘোষিত, কাদের দ্বৈরথে শুরু হচ্ছে প্রতিযোগিতা, কবে নামবে কেকেআর?

আইপিএলের প্রথম ২০টি ম্যাচের সূচি প্রকাশ্যে এল বুধবার। ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা। ১২ এপ্রিল পর্যন্ত সূচি প্রকাশ করা হয়েছে। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর বাকি সূচি ঘোষণা করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ১৯:০৪
Share:

আইপিএলের ট্রফি। — ফাইল চিত্র।

আইপিএলের প্রথম ২০টি ম্যাচের সূচি প্রকাশ্যে এল বুধবার। ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা। ১২ এপ্রিল পর্যন্ত সূচি প্রকাশ করা হয়েছে। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর বাকি সূচি ঘোষণা করা হবে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসমের বিধানসভা ভোট রয়েছে এপ্রিল-মে মাসে।

Advertisement

বোর্ডের সূচি অনুযায়ী, ২৮ মার্চ, শনিবার বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএল। গত বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু। প্রথামাফিক তাদের ঘরের মাঠেই হবে উদ্বোধনী ম্যাচ। অর্থাৎ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা হবে। বাকি ১৯টি ম্যাচ হবে মোট ১০টি মাঠে।

প্রতিযোগিতার দ্বিতীয় দিনই নামছে কলকাতা। মুম্বইয়ে অ্যাওয়ে ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে কলকাতা। ঘরের মাঠ ইডেনে কলকাতার প্রথম ম্যাচ ২ এপ্রিল। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। এ ছাড়া কলকাতার ম্যাচ রয়েছে পঞ্জাব কিংস (৬ এপ্রিল, কলকাতা), লখনউ সুপার জায়ান্ট (৯ এপ্রিল, কলকাতা)।

Advertisement

প্রাথমিক ভাবে প্রতিটি দলের চারটি করে ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছে। কলকাতার তিনটি ম্যাচই ঘরের মাঠে। অর্থাৎ এ রাজ্যে ভোটের সময় অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে অভিষেক নায়ারের দলকে।

চেন্নাই সুপার কিংস চারটি ম্যাচের মধ্যে দু’টি খেলবে ঘরের মাঠে। অন্য দিকে, রাজস্থান দ্বিতীয় হোম গ্রাউন্ড হিসাবে অনেক দিন ধরেই খেলছে গুয়াহাটিতে। প্রথম চারটি ম্যাচের তিনটিই খেলবে গুয়াহাটিতে।

মোট চার দিন ‘ডবল হেডার’, অর্থাৎ দিনে দু’টি করে ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ৩.৩০টে থেকে। দ্বিতীয় ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০টা থেকে। যে দিনগুলিতে একটি করে ম্যাচ, সেগুলি হবে সন্ধ্যা ৭.৩০টা থেকে। প্রথম ‘ডবল হেডার’ রয়েছে ৪ এপ্রিল, যে দিন দুপুরে দিল্লি মুখোমুখি মুম্বইয়ের।

বোর্ড জানিয়েছে, বেঙ্গালুরু পাঁচটি ম্যাচ খেলবে ঘরের মাঠ চিন্নাস্বামীতে, দু’টি খেলবে রায়পুরে। পঞ্জাব কিংস চারটি ম্যাচ খেলবে মুল্লানপুরে, তিনটি ধর্মশালায়। রাজস্থান তিনটি ম্যাচ গুয়াহাটিতে, চারটি জয়পুরে।

বেঙ্গালুরুতে যে ম্যাচ হবেই, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বোর্ড বিবৃতিতে জানিয়েছে, কর্নাটক সরকারের গঠন করা বিশেষজ্ঞ কমিটির ছাড়পত্র পেলে তবেই সেখানে ম্যাচ হবে। ১৩ মার্চ একটি বৈঠক রয়েছে। সেখানে স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের সমস্ত খুঁটিনাটি খতিয়ে দেখা হবে।

আইপিএলের সূচি

২৮ মার্চ: বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ (বেঙ্গালুরু)।

২৯ মার্চ: মুম্বই বনাম কলকাতা (মুম্বই)।

৩০ মার্চ: রাজস্থান বনাম চেন্নাই (গুয়াহাটি)।

৩১ মার্চ: পঞ্জাব বনাম গুজরাত (মুল্লানপুর)।

১ এপ্রিল: লখনউ বনাম দিল্লি (লখনউ)।

২ এপ্রিল: কলকাতা বনাম হায়দরাবাদ (কলকাতা)।

৩ এপ্রিল: চেন্নাই বনাম পঞ্জাব (চেন্নাই)।

৪ এপ্রিল: দিল্লি বনাম মুম্বই (দিল্লি), গুজরাত বনাম রাজস্থান (অহমদাবাদ)।

৫ এপ্রিল: হায়দরাবাদ বনাম লখনউ (হায়দরাবাদ), বেঙ্গালুরু বনাম চেন্নাই (বেঙ্গালুরু)।

৬ এপ্রিল: কলকাতা বনাম পঞ্জাব (কলকাতা)।

৭ এপ্রিল: রাজস্থান বনাম মুম্বই (গুয়াহাটি)।

৮ এপ্রিল: দিল্লি বনাম গুজরাত (দিল্লি)।

৯ এপ্রিল: কলকাতা বনাম লখনউ (কলকাতা)।

১০ এপ্রিল: রাজস্থান বনাম বেঙ্গালুরু (গুয়াহাটি)।

১১ এপ্রিল: পঞ্জাব বনাম হায়দরাবাদ (মুল্লানপুর), চেন্নাই বনাম দিল্লি (চেন্নাই)।

১২ এপ্রিল: লখনউ বনাম গুজরাত (লখনউ), মুম্বই বনাম বেঙ্গালুরু (মুম্বই)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement