IPL 2026

আইপিএলে বোর্ডের কড়াকড়ি শুরু, ধোনির দলের নেট বোলারকে সমাজমাধ্যম থেকে সব ভিডিয়ো সরিয়ে দিতে বলা হল

সমাজমাধ্যমে অবাঞ্ছিত ভিডিয়ো, রিল পোস্ট করা নিয়ে ভারতীয় বোর্ডের কড়াকড়ি শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি চেন্নাই সুপার কিংসের এক নেট বোলারকে সমস্ত ভিডিয়ো সমাজমাধ্যম থেকে সরিয়ে নিতে বলা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১১:৩২
Share:

ধোনির সঙ্গে আদিল (ডান দিকে)। ছবি: সমাজমাধ্যম।

সমাজমাধ্যমে অবাঞ্ছিত ভিডিয়ো, রিল পোস্ট করা নিয়ে কিছু দিন আগেই বিভিন্ন বিধিনিষেধের সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় বোর্ড। সেই কড়াকড়ি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সম্প্রতি চেন্নাই সুপার কিংস দলের এক নেট বোলারকে সমস্ত ভিডিয়ো সমাজমাধ্যম থেকে সরিয়ে নিতে বলা হয়েছে।

Advertisement

চেন্নাইয়ের ওই বোলার হলেন জিশান আদিল। চেন্নাইয়ের অনুশীলনে নিজের বল করার ভিডিয়ো নিয়ম করে পোস্ট করতেন সমাজমাধ্যমে। এত দিন কোনও সমস্যা হয়নি। তবে আদিল জানিয়েছেন, বোর্ডের নির্দেশে যাবতীয় ভিডিয়ো মুছে ফেলতে বলা হয়েছে তাঁকে।

আদিল লিখেছেন, “আপনারা জানেন আমি চেন্নাই শিবিরে বল করার ভিডিয়ো পোস্ট করতাম। আপনাদের দৌলতে সেগুলো কয়েক দিনের মধ্যেই জনপ্রিয় হয়ে গিয়েছে। দুর্ভাগ্যবশত, চেন্নাইয়ের দল পরিচালন সমিতি আমাকে বলেছে সমাজমাধ্যম থেকে সব ভিডিয়ো সরিয়ে নিতে। অসুবিধার জন্য দুঃখিত। ভবিষ্যতে ভাল ভিডিয়ো পোস্ট করতে থাকব।” চেন্নাইয়ের তরফে থেকে আদিলকে এ কথা বলা হলেও, মনে করা হচ্ছে বোর্ডের নির্দেশেই এমনটা করতে হয়েছে।

Advertisement

উল্লেখ্য, দুর্নীতি দমন শাখার নির্দেশ মেনে আইপিএলে শৃঙ্খলা ফেরাতে মরিয়া বিসিসিআই। ক্রিকেটারদের ঘিরে থাকা ইউটিউবার, নেটপ্রভাবীদের ভিড় ভাল ভাবে নিচ্ছেন না বোর্ড কর্তারা। কয়েক জন ক্রিকেটারও সমাজমাধ্যমে বেশ সক্রিয়। কিছু প্রাক্তন ক্রিকেটারদের মধ্যেও ভিডিয়ো বা রিল তৈরির প্রবণতা রয়েছে। এ সব বন্ধ করতে চায় বিসিসিআই।

আইপিএলের সময় কিছু ক্রিকেটার দলের হোটেলেই বান্ধবী বা প্রেমিকাদের নিয়ে থাকছেন। কয়েক দিন আগেই এ ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেছিলেন বিসিসিআইয়ের এক কর্তা। এ সব বন্ধ করার জন্য কড়া পদক্ষেপ করার কথাও জানিয়েছিলেন তিনি। এ বার সমাজমাধ্যমে ভিডিয়ো এবং রিল তৈরি নিয়েও কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছে বোর্ড।

ক্রিকেটার, কর্তা, ক্রিকেটারদের পরিবারের সদস্য এবং সম্প্রচারকারী সংস্থার কর্মীদের উপর নজরদারি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধারাভাষ্যকার হিসাবে আইপিএলের সঙ্গে যুক্ত কয়েক জন প্রাক্তন ক্রিকেটারকে ইতিমধ্যেই সতর্ক করেছে বিসিসিআই। তাঁরা ক্রিকেটার এবং ম্যাচ অফিসিয়ালদের জন্য নির্ধারিত এলাকায় ভিডিয়ো বা রিল তৈরি করে সমাজমাধ্যমে পোস্ট করেছেন বলে অভিযোগ। যা আইপিএলের নিয়মবিরুদ্ধ। কর্মীদের নিয়মের ব্যাপারে সতর্ক করার কথা সম্প্রচারকারী সংস্থাকে আইপিএল শুরুর আগেই জানিয়েছিল বোর্ড। তাই সংস্থার নজরদারি নিয়েও অসন্তুষ্ট কর্তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement