(বাঁ দিকে) হার্দিক পাণ্ড্য এবং মাহিকা শর্মা (ডান দিকে)। —ফাইল চিত্র।
ক্রিকেটারদের কড়া শৃঙ্খলায় বাঁধতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইপিএলে ক্রিকেটারদের বান্ধবী বা প্রেমিকাদের নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় কড়া অবস্থান নিতে পারেন বোর্ড কর্তারা।
হার্দিক পাণ্ড্য, ঈশান কিশন, যশস্বী জয়সওয়াল, অর্শদীপ সিংহদের মতো ক্রিকেটারদের সঙ্গে ঘুরছেন তাঁদের বান্ধবী বা প্রেমিকারা। এতে সাজঘরের পরিবেশ, দলীয় শৃঙ্খলা এবং অনুশীলনে প্রভাব পড়ছে বলে মনে করছেন বিসিসিআই কর্তারা। ক্রিকেটারদের একাংশের এই প্রবণতায় লাগাম টানতে নতুন নিয়ম আনার কথা ভাবছেন তাঁরা।
কয়েকজন ক্রিকেটারের বান্ধবী বা প্রেমিকা নেটপ্রভাবী। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নেটপ্রভাবী বান্ধবী বা প্রেমিকাদের নিয়েই চিন্তিত বিসিসিআই কর্তারা। তাঁদের মধ্যে কেউ কেউ অতীতে সমাজমাধ্যমে বেটিং অ্যাপের প্রচার করেছেন বলে অভিযোগ। এতে আইপিএল এবং বোর্ডের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কর্তাদের আশঙ্কা এই বান্ধবী বা প্রেমিকারা সংবেদনশীল বিষয় ফাঁস করে দিতে পারেন। তাতে প্রশ্নের মুখে পড়তে পারে ভারতীয় ক্রিকেট।
বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘‘এখনই লাগাম টানা না হলে ভবিষ্যতে বড় সমস্যা হতে পারে। আমরা দেখছি কোনও কোনও ক্রিকেটার বান্ধবী বা প্রেমিকার জন্য টিম বাসকেও অপেক্ষা করাচ্ছে। কেউ কেই একই হোটেলে থাকছেন। আমরা বুঝতে পারছি না, এ সব কী করে হচ্ছে। বিসিসিআই তো এমন কোনও নিয়ম করেনি। শুধুমাত্র স্ত্রী এবং পরিবারের সদস্যদেরই ছাড় দেওয়া রয়েছে নিয়মে। কিন্তু বান্ধবী বা প্রেমিকাদের এ ভাবে সর্বক্ষণ সঙ্গে রাখার অনুমতি কারা দিলেন, তা খতিয়ে দেখা হবে।’’ বিষয়টিকে স্বেচ্ছাতার হিসাবে দেখছেন বোর্ড কর্তারা। তাই এ সব বন্ধ করতে তাঁরা উদ্যোগী হয়েছেন। আনা হবে নতুন নিয়ম।
বোর্ড সূত্রে খবর, এ সবের সঙ্গে বোর্ডের ক্রিকেট দুর্নীতি দমন শাখার কিছু ব্যক্তি জড়িত। বান্ধবী বা প্রেমিকা সঙ্গে রাখার অনুমতি তাঁরা একাধিক ক্ষেত্রে দিয়েছেন। তাঁদের চিহ্নিতও করা হয়েছে। কী করে তাঁরা এ ধরনের অনুমতি দিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।