Ranji Trophy 2025-26

অন্ধ্রকে ইনিংসে হারিয়ে রঞ্জির সেমিতে বাংলা, শেষ চারে সামনে জম্মু-কাশ্মীর, জানা গেল কবে, কোথায় খেলতে নামবে দু’দল

রঞ্জির সেমিফাইনালে বাংলার ওঠা ছিল সময়ের অপেক্ষা। মঙ্গলবার অন্ধ্রপ্রদেশকে ইনিংস ও ৯০ রানে হারিয়ে শেষ চার পাকা করলেন অভিমন্যু ঈশ্বরণেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৪
Share:

বাংলার ক্রিকেটারদের উল্লাস। ছবি: এক্স।

দেওয়াল লিখন স্পষ্টই ছিল। মঙ্গলবার তাতে সিলমোহর পড়ল। রঞ্জির সেমিফাইনালে বাংলার ওঠা ছিল সময়ের অপেক্ষা। মঙ্গলবার অন্ধ্রপ্রদেশকে ইনিংস ও ৯০ রানে হারিয়ে শেষ চার পাকা করলেন অভিমন্যু ঈশ্বরণেরা। সেমিফাইনালে বাংলার সামনে জম্মু-কাশ্মীর। এই প্রথম বার রঞ্জির সেমিফাইনালে উঠেছে তারা।

Advertisement

প্রথম ইনিংসে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ৩৩৪ রানের লিড পেয়েছিল বাংলা। ফলে অন্ধ্রের সামনে লড়াই ছিল খুব কঠিন। এত রানের চাপে দ্বিতীয় ইনিংসেও খেই হারাল অন্ধ্রের ব্যাটিং। নীতীশ রেড্ডি ৯০ রান করে কিছুটা লড়াই করলেন। শেষ দিকে ত্রিপূর্ণ বিজয় করলেন ৪৬ রান। তাতে দলের ইনিংসে হার বাঁচাতে পারলেন না তাঁরা। দ্বিতীয় ইনিংসে ২৪৪ রানে অল আউট হয়ে গেল অন্ধ্র। ইনিংস ও ৯০ রানে জিতল বাংলা।

বাংলার বোলারদের মধ্যে দ্বিতীয় ইনিংসে সবচেয়ে সফল শাহবাজ় আহমেদ। ৪ উইকেট নিয়েছেন তিনি। ২ উইকেট নিয়েছেন সূরজ সিন্ধু জয়সওয়াল। ১ করে উইকেট নিয়েছেন আকাশদীপ, সুমন্ত গুপ্ত ও অনুষ্টুপ মজুমদার। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া মুকেশ কুমার দ্বিতীয় ইনিংসে উইকেট পাননি। উইকেট পাননি মহম্মদ শামিও।

Advertisement

এই জয়ের কৃতিত্ব বাংলার ব্যাটারদের। বিশেষ করে সুদীপ ঘরামি, সুমন্ত গুপ্ত ও শাকির হাবিব গান্ধীর। এই তিন ব্যাটারের কাঁধে ভর করে ৬২৯ রান করে বাংলা। সুদীপ ২৯৯ রান করে আউট হন। সুমন্ত ৮১ ও শাকির ৯৫ রান করেন। অন্ধ্রের বোলারদের পাড়ার স্তরে নামিয়ে আনেন তাঁরা। বাংলার এক ইনিংসের জবাব অন্ধ্র দুই ইনিংসেও দিতে পারেনি।

এ বার সেমিফাইনালে বাংলার সামনে জম্মু-কাশ্মীর। কোয়ার্টার ফাইনালে মধ্যপ্রদেশকে হারিয়েছে তারা। ফলে বাংলার লড়াই সহজ নয়। তবে কিছুটা হলেও সুবিধা হবে তারা। কারণ, ঘরের মাঠে খেলবে তারা। রঞ্জির নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বে যে দলের পয়েন্ট বেশি থাকে, নকআউটে তারা ঘরের মাঠে খেলে। গ্রুপ পর্বে বাংলার পয়েন্ট সবচেয়ে বেশি ছিল। ফলে এই সুবিধা তারা পাবে। অন্ধ্রকে যে মাঠে বাংলা হারিয়েছে সেই কল্যাণীর মাঠেই হবে সেমিফাইনাল। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সেই ম্যাচ। অপর সেমিফাইনালে কর্নাটকের সামনে উত্তরাখণ্ড। সেই ম্যাচও ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement