India Cricket

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল, ভুলেই গেল বোর্ড! রোহিতের জায়গায় শুভমনের নাম লিখে বিতর্কে বিসিসিআই

গত বছর রোহিত শর্মার নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। কিন্তু ভারতীয় বোর্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিতের বদলে শুভমন গিলকে চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী অধিনায়ক দেখানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১২:৩৩
Share:

ভারতীয় বোর্ডের করা সেই ভুল। শুভমনকে চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী অধিনায়ক দেখানো হয়েছে। ছবি: এক্স।

বেমালুম বদলে গেল অধিনায়কের নাম! গত বছর রোহিত শর্মার নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। যদিও রোহিতের বদলে দেখিয়ে দেওয়া হল, শুভমন গিল চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। বোর্ডের এই কাণ্ডে তৈরি হয়েছে বিতর্ক। দাবি, ভুল স্বীকার করে ক্ষমা চান বোর্ডকর্তারা।

Advertisement

ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে ২০২৫ ও ২০২৬ সালে আইসিসি ট্রফিজয়ী দলগুলিকে পুরস্কার দেওয়া হয়। ভাল খেলার জন্য আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটারেরাও পুরস্কার পান। সেই অনুষ্ঠানেই শুভমন যখন মঞ্চে ছিলেন তখন টেলিভিশনের পর্দায় লেখা ছিল, “জয়ী অধিনায়ক, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫।”

চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভারতের এক দিনের দলের অধিনায়কত্বে বদল হয়েছে। রোহিতের বদলে দায়িত্ব পেয়েছেন শুভমন। কিন্তু গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার সময় রোহিতই অধিনায়ক ছিলেন। তিনি পুরস্কার অনুষ্ঠানে ছিলেন না। তাই বলে অধিনায়কের নামই বদলে দেওয়া হল! ভারতীয় ক্রিকেট বোর্ডের এই কাজে ক্ষুব্ধ রোহিতের ভক্তেরা।

Advertisement

সমাজমাধ্যমে নিশানা করা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। কেউ লিখেছেন, শুভমনকে সব কৃতিত্ব দিতে গিয়ে ভারতীয় বোর্ড ভুলে গিয়েছে যে, রোহিত দু’টি আইসিসি ট্রফি জিতিয়েছেন। আবার কেউ মজা করে বলেছেন, সকলে জানত রোহিত অধিনায়ক ছিলেন। ভারতীয় বোর্ড সকলের ভুল ভেঙে দিয়েছে। কেউ কেউ দাবি করেছেন, দয়া করে ইতিহাস বদলে দেবেন না। রোহিতের কৃতিত্ব তাঁর কাছেই থাকতে দিন। ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তাদের ক্ষমা চাওয়ারও দাবি করা হয়েছে সমাজমাধ্যমে।

বোর্ডের অনুষ্ঠানে শুভমনকে বছরের সেরা ক্রিকেটারের পুরস্কার দেওয়া হয়। রোহিত উপস্থিত ছিলেন না। জানা গিয়েছে, পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন তিনি। ছিলেন না বিরাট কোহলিও। তবে মঞ্চে যে ভুল হয়েছে তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে ভারতীয় ক্রিকেটে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement