শিবম দুবে। —ফাইল চিত্র।
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শিবম দুবের। মুম্বইয়ের অলরাউন্ডার বল হাতে হতাশ করলেও ব্যাট হাতে ভাল পারফর্ম করেছেন। একাধিক ম্যাচে সফল ফিনিশারের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। স্বাভাবিক ভাবেই বিশ্বকাপের পর সংবাদমাধ্যমের আগ্রহ বেড়েছে দুবেকে নিয়ে। তাঁর বাড়ির সামনেও ভিড় করছেন সাংবাদিকেরা। বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের দেখেই মজার উত্তর দিয়েছেন দুবে। ওই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
মুম্বইয়ের পশ্চিম অন্ধেরীর যে আবাসনে দুবে থাকেন, তাতে ক্রীড়া এবং বিনোদনদুনিয়ার বেশ কয়েক জন খ্যাতনামী থাকেন। দুবে আবাসনের নীচে দাঁড়িয়ে ফোনে কথা বলার সময় এক চিত্রসাংবাদিক ছবি তোলার অনুরোধ করেন। ভাইরাল হওয়া ভিডিয়োয় ওই চিত্রসাংবাদিককে বলতে শোনা গিয়েছে, ‘‘ভাই, আমরা আপনাকে দেখে ফেলেছি। আপনাকে অভিনন্দন।’’ ফোনে কথা বলা শেষ করে দুবে হাতের আঙুলের মুদ্রায় ‘থাম্বস আপ’ দেখান। এর পর ওই চিত্রসাংবাদিককে বলতে শোনা গিয়েছে, ‘‘আপনি আমাদের দেশের নাম উজ্জ্বল করেছেন।’’ এর পর দুবে তাঁকে কাছে ডেকে বলেন, ‘‘ভাই, এখনই ছবি, ভিডিয়ো মুছে দিন।’’ দেশের নাম উজ্জ্বল করার কথা শুনে দুবেকে কিছুটা লজ্জিত মনে হয়েছে। যদিও তাঁর মুখে হাসি ছিল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দুবের জনপ্রিয়তা বেড়েছে। তাই সাংবাদিকেরা দেখা পাওয়ার, কথা বলার আশায় তাঁর বাড়ির সামনে ভিড় করছেন। এ বারের বিশ্বকাপে আটটি ম্যাচে ২৩৫ রান করেছেন দুবে। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৬৯। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বজয়ী দলেরও সদস্য ছিলেন দুবে।