IPL 2026

২১ বলে মাত্র ১৫ রান! মরণ-বাঁচন ম্যাচে ‘টেস্ট’ খেলে হার, অথচ হেরে অদ্ভুত যুক্তি দিলেন চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ

চলতি আইপিএলে জঘন্য ফর্মে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। দলের এই পরিস্থিতির জন্য অন্যতম দায় তাঁর। অথচ হারের জন্য অন্যদের দুষলেন চেন্নাইয়ের অধিনায়ক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১৭:২১
Share:

রুতুরাজ গায়কোয়াড়। —ফাইল চিত্র।

একের পর এক ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ রুতুরাজ গায়কোয়াড়। জঘন্য ফর্মে রয়েছেন তিনি। চেন্নাই সুপার কিংস যে প্লে-অফের প্রায় বাইরে বেরিয়ে গিয়েছে, তার বড় দায় অধিনায়কের। সোমবার সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচেও ওপেন করতে নেমে ২১ বলে মাত্র ১৫ রান করেছেন তিনি। একটিও বাউন্ডারি মারতে পারেননি। যেখানে দ্রুত রান তোলা য়ায়, সেখানেই দলকে ডুবিয়েছেন রুতুরাজ। কিন্তু, হারের জন্য অন্যদের দুষলেন তিনি।

Advertisement

খেলা শেষে রুতুরাজ জানান, দলের ব্যাটিং ভালই হয়েছে। বোলারদের জন্য তাঁদের হারতে হয়েছে। রুতুরাজ বলেন, “আমার মতে, বোলারেরা চাপ রাখতে পারেনি। একটা উইকেট পড়ার পর যতটা চাপ দেওয়া উচিত ছিল, সেটা আমরা পারিনি। এই ধরনের ম্যাচে প্রতিপক্ষকে সারা ক্ষণ চাপে রাখতে না পারলে জেতা যায় না। আমরা সেটাই পারিনি।”

সঞ্চালক রবি শাস্ত্রী তাঁকে ব্যাটিং নিয়ে প্রশ্ন করেন। বিশেষ করে রুতুরাজের ৭১.৪ স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। কিন্তু এক বারের জন্যও তার জবাব দেননি রুতুরাজ। উল্টে বার বার তিনি বোলারদের নিশানা করেন। তাঁর মতে, এই পিচে ১৮০ রান কম ছিল না। একটু ভাল বল করলেই জিততে পারতেন তাঁরা। কিন্তু বোলারেরা সেটা করতে পারেননি। তাই হারতে হয়েছে।

Advertisement

রুতুরাজের এই অজুহাত ভাল ভাবে নেননি চেন্নাইয়ের সমর্থকেরাই। সমাজমাধ্যমে তাঁরা অধিনায়ককে নিশানা করেন। তাঁদের মতে, অধিনায়ককে দায় নিতে হয়। কিন্তু রুতুরাজ তা করেন না। জয়ের কৃতিত্ব নিজের উপর নেন। কিন্তু হারলেই অন্যদের দায়ী করেন। বার বার এই কাণ্ড করে নিজেকেই তিনি দায় এড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ সমর্থকদের।

চলতি আইপিএলে ১৩ ম্যাচে ৩২১ রান করছেন রুতুরাজ। ২৯.১৮ গড়ে রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১২০.৬৭। ওপেনার হিসাবে এই স্ট্রাইক রেট খুবই কম। দু’টি অর্ধশতরান করেছেন। সেই দুই ম্যাচেই প্রায় অর্ধের রান করেছেন তিনি। তার থেকেই বোঝা যাচ্ছে, বাকি মরসুমে কেমন খেলেছেন তিনি। দলও খারাপ খেলেছে। প্লে-অফের ভাগ্য আর নিজেদের হাতে নেই চেন্নাইয়ের। পরের ম্যাচ জিতলেও তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে। এ বার প্লে-অফে উঠতে না পারলে অধিনায়ক হিসাবে পর পর দু’বার ব্যর্থ হবেন রুতুরাজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement