IPL 2026

স্টার্কের অভাব বুঝতেই পারছে না দিল্লি! শুভমনদের বিরুদ্ধে ম্যাচের আগে দাবি বোলিং কোচ মুনাফের

আইপিএলের অন্যতম সেরা বোলার হিসাবে বিবেচনা করা হয় মিচেল স্টার্ককে। চোটের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেননি। আইপিএলেও তাঁকে পাচ্ছে না দিল্লি ক্যাপিটালস।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ২০:৩৭
Share:

মিচেল স্টার্ক। —ফাইল চিত্র।

এখনও দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দেননি মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ায় রিহ্যাব করছেন জোরে বোলার। তিনি কবে থেকে আইপিএল খেলতে পারবেন, তা নিশ্চিত নয়। দলের অন্যতম প্রধান স্ট্রাইক বোলারকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও উদ্বিগ্ন নন মুনাফ পটেল। দিল্লির বোলিং কোচের দাবি, স্টার্কের অভাব অনুভব করছেন না তাঁরা!

Advertisement

স্টার্ককে ছাড়াই আইপিএলের প্রথম দু’টি ম্যাচ খেলেছে দিল্লি। বুধবার শুভমন গিলের গুজরাত টাইটান্সের বিরুদ্ধেও তাঁকে পাবেন না অক্ষর পটেলেরা। এ নিয়ে একটুও চিন্তিত নন মুনাফ। গুজরাত ম্যাচের আগের দিন দিল্লির বোলিং কোচের বক্তব্য, ‘‘আমরা আইপিএলের প্রথম দুটো ম্যাচই জিতেছি। স্টার্ক না থাকার জন্য কোনও সমস্যা হয়নি। ওর অভাব বোঝা যাচ্ছে না। তবে আমাদের বোলারেরা ঠিকঠাক পারফর্ম করতে না পারলে সমস্যা হতে পারে। সবটাই নির্ভর করবে পরিস্থিতির উপর।’’

আইপিএলের অন্যতম সেরা বোলার হিসাবে বিবেচনা করা হয় স্টার্ককে। অধিকাংশ দলই তাঁকে দলে পাওয়ার জন্য ঝাঁপায় নিলামে। তা-ও সমস্যা হচ্ছে না? মুনাফ বলেছেন, ‘‘নিঃসন্দেহে স্টার্ক এখন বিশ্বের অন্যতম সেরা বোলার। সকলে ওকে পছন্দও করে। কিন্তু সত্যিই আমাদের সমস্যা হচ্ছে না। জিতছি বলেই স্টার্কের অভাব বুঝতে পারছি না আমরা। তবে ও আমাদের সেরা বোলার। ওর চেয়ে ভাল বোলার আইপিএলে কেউ আছে বলে, আমার মনে হয় না। একমাত্র জসপ্রীত বুমরাহের সঙ্গে তুলনা করা যেতে পারে। স্টার্কের অভিজ্ঞতার কথা ভাবুন। এই বয়সেও দুর্দান্ত গতিতে বল করে। নতুন বলে ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ওর সুইংগুলো দুর্দান্ত।’’

Advertisement

স্টার্ক কবে থেকে খেলতে পারবেন? আপনাদের কাছে কী খবর? মুনাফ বলেছেন, ‘‘আমরা কিছুই জানি না। ক্রিকেট অস্ট্রেলিয়া বা ওর ফিজিয়ো বা ট্রেনার বা চিকিৎসক আমাদের এখনও কিছুই জানাননি। অস্ট্রেলিয়া থেকে খবর না এলে কিছু বলা সম্ভব নয়।’’

চোটের জন্য গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি স্টার্ক। গত আইপিএলে দিল্লির হয়ে ১১টি ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলীয় জোরে বোলার। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সুপার ওভারে দুর্দান্ত পারফর্ম করে দিল্লিকে জিতিয়েছিলেন। এখনও পর্যন্ত আইপিএলে ৫২টি ম্যাচে ৬৫টি উইকেট নিয়েছেন স্টার্ক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement