ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
জন্মসংখ্যা হল সংখ্যাতত্ত্বের বিষয়। সংখ্যাতত্ত্ব জ্যোতিষশাস্ত্রেরই অংশ। যে কোনও মানুষের নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য থাকে। শাস্ত্র বলে, কোনও মানুষের স্বভাবের কিছু আসে তাঁর রাশি বা জন্মসংখ্যা থেকে। আমাদের জীবনের যে কোনও ঘটনার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে আমাদের রাশি, জন্মসংখ্যা প্রভৃতি। তেমনটাই দাবি করে শাস্ত্র। কোনও মানুষের সম্পর্ক মসৃণপথে এগিয়ে চলা বা না চলার নেপথ্যেও রয়েছে রাশি এবং জন্মসংখ্যার প্রভাব। সম্পর্কে বার বার বিচ্ছেদের সম্মুখীন হন অনেকে। সংখ্যাতত্ত্ব মতে, সেই কারণও লুকিয়ে রয়েছে আমাদের জন্মসংখ্যায়। সমস্যাটা ঠিক কোথায় তা জন্মসংখ্যা মিলিয়ে জেনে নিন।
সম্পর্কে বিচ্ছেদের নেপথ্যে জন্মসংখ্যার কী ভূমিকা?
১ জন্মসংখ্যার জাতক-জাতিকারা নেতৃত্ব করতে ভালবাসেন। এঁরা সহজে আপস করতে চান না। সঙ্গীকে নিয়ন্ত্রণ করার প্রবণতা দেখা যায় এঁদের মধ্যে। তাই সম্পর্কের সমস্যা বিচ্ছেদ পর্যন্ত গড়ায় বলে মনে করা হয়।
যে সকল জাতক-জাতিকাদের জন্মসংখ্যা ২, তাঁরা সংবেদনশীল প্রকৃতির হন। সঙ্গীর উপর নির্ভরশীল হয়ে পড়েন। এঁদের আবেগের বোঝা সামলাতে না পেরে অনেক সময় সঙ্গী ছেড়ে চলে যান বলে মনে করা হয়।
৩ জন্মসংখ্যার জাতক-জাতিকারা হাসি-ঠাট্টায় দিন কাটাতে ভালবাসেন। এঁদের মধ্যে সম্পর্কের যে কোনও বিষয়কে হালকা ভাবে নেওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায়। সেই কারণে সঙ্গী ছেড়ে চলে যান বলে জানাচ্ছে সংখ্যাশাস্ত্র।
জন্মসংখ্যা ৪-এর জাতক-জাতিকারা সহজে নিজের মনোভাব প্রকাশ করতে পারেন না। সেই চেষ্টাও এঁদের মধ্যে খুব একটা দেখা যায় না। সেই কারণে সম্পর্কে ভুল বোঝাবুঝি লেগেই তাকে। তাই কাছের মানুষ দূরে চলে যান।
স্বাধীনচেতা ৫ জন্মসংখ্যার ব্যক্তিরা সম্পর্কের বন্ধনে জড়াতে ভয় পান। এঁদের মধ্যে প্রতিশ্রুতি এবং দায়িত্বগ্রহণের অভাব দেখা যায়। সেই কারণে সম্পর্ক স্থায়ী হয় না।
৬ জন্মসংখ্যার ব্যক্তিরা সঙ্গীর প্রতি অত্যন্ত যত্নবান হন। কিন্তু তাঁদের মধ্যে সঙ্গীকে নিয়ন্ত্রণ করার একটা প্রবণতা দেখা যায়। সেই কারণে সঙ্গী দূরে সরে যান।
জন্মসংখ্যা ৭-এর জাতক-জাতিকারা আবেগের চেয়ে যুক্তিকে বেশি গুরুত্ব দেন, যা সঙ্গীর মনে কষ্ট দেয়। সঙ্গীর আবেগকেও এঁরা যুক্তি দ্বারা বিশ্লেষণ করার চেষ্টা করে থাকেন। সেই কারণে সম্পর্ক বিচ্ছেদের পথে গড়ায়।
৮ জন্মসংখ্যার জাতক-জাতিকারা সম্পর্কে নিজেদের আধিপত্য বজায় রাখতে চান। এঁদের মধ্যে সঙ্গীকে নিয়ন্ত্রণে রাখতে চাওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায়। তাই সম্পর্কে সমস্যার সৃষ্টি হয় যা বিচ্ছেদ পর্যন্ত গড়ায় বলে মনে করা হয়।
জন্মসংখ্যা ৯-এর জাতক-জাতিকারা পুরনো কষ্ট সহজে ভুলতে পারেন না। এঁরা পুরনো ঝামেলা বার বার নিজেদের মধ্যে টেনে আনেন। সেই কারণে সম্পর্কে সমস্যার সৃষ্টি হতে দেখা যায়।