হস্তরেখা বিচার জ্যোতিষশাস্ত্রেরই
অংশ। কখনও কখনও জন্মছক বিচার করে
কোনও বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য হস্তরেখা পরীক্ষার প্রয়োজন হয়। হস্তরেখা বিচারের অর্থ শুধুমাত্র হাতের রেখা বিচার
নয়। হাতের রেখার বিচারের সঙ্গে
তালুর গঠন, আকৃতি, রং এমনকি হাতের তালুতে অবস্থিত বিভিন্ন
চিহ্ন এবং তিল, আঁচিলেরও বিচার করা হয়। কারণ প্রত্যেকটি বিষয় কিছু না কিছু ইঙ্গিত করে। এমনকি শুধুমাত্র তিল বা আঁচিলের অবস্থানও অনেক কিছু ইঙ্গিত দেয়। দেখা যাক হাতের তালুর কোথায় তিল বা আঁচিল কী ইঙ্গিত দেয়। তিল কালো, গোলাপি বা লাল রঙের ছোট বা বড় বিভিন্ন আকারের
হতে পারে।
- ছেলেদের ক্ষেত্রে তর্জনীর নীচে বা বৃহস্পতির
চূড়ায় অথবা বৃহস্পতির আঙুলে তিল আত্মসম্মান, জ্ঞানসম্পন্ন, খ্যাতি এবং ধনসম্পদ নির্দেশ করে। তবে মহিলাদের ক্ষেত্রে তা শুভ নয়। মহিলাদের ক্ষেত্রে অখ্যাতি এবং অশুভ লক্ষণ।
- মধ্যমার নীচে বা শনির ক্ষেত্রে
বা শনির চূড়ায় অথবা শনির আঙুলে তিল অশুভ, আগুন, বিদ্যুৎ এবং সর্প দংশন সংক্রান্ত বিপদ নির্দেশ
করে।
- শনির ক্ষেত্রের নীচে জীবনরেখার
উপর তিল পক্ষাঘাত নির্দেশ করে। বিশেষত জীবনরেখা দুর্বল হলে বিশেষ সচেতনতা অবলম্বন জরুরি। দুর্বল জীবনরেখা হলে পক্ষাঘাত খুবই সমস্যা সৃষ্টি করতে
পারে।
- শনির ক্ষেত্রের নীচে, শিরোরেখার উপর তিল বা আঁচিল সম্পদশালী
হওয়ার নির্দেশ করলেও একাধিক বিয়ে নির্দেশ করে।
- অনামিকার নীচে বা রবির ক্ষেত্রের
নীচে জীবনরেখার উপর তিল চোখের সমস্যা বা চোখের পীড়া নির্দেশ করে, বিশেষত ডান চোখের।
- কনিষ্ঠার নীচে বা বুধের ক্ষেত্রে
তিল বা আঁচিল বাগ্মিতা নির্দেশ করে। তবে তা বুধ শুভ হলে, অন্যথায় অসংলগ্ন কথার কারণ হতে পারে।
- বাঁ হাতের তালুর মধ্যভাগে তিল মহিলাদের ক্ষেত্রে শুভ ভাগ্য নির্দেশ
করে। বিশেষত ২৫ বছর বয়সের পর।
- বাঁ হাতের তালুর পিছনে তিল
বা আঁচিল বিলম্বে প্রতিষ্ঠা নির্দেশ করে।
- বাঁ হাতের তালুর পিছনে তিল
মহিলাদের ক্ষেত্রে শিল্পনিপুণতা বা শিল্পক্ষেত্রে সফলতা নির্দেশ করে।
- পুরুষের ক্ষেত্রে বাঁ হাতের
বৃদ্ধাঙ্গুলিতে তিল বা আঁচিল অশুভ। এটি অন্যের বশ্যতায় জীবনযাপন নির্দেশ করে।
- মহিলাদের ক্ষেত্রে বাঁ হাতের
বৃদ্ধাঙ্গুলিতে তিল শুভ। এটি শিল্পীসত্তা নির্দেশ করে।