ICC T20 World Cup 2026

রবিবার ইডেনে ভারতের ‘কোয়ার্টার ফাইনাল’ ম্যাচে রানের বন্যা, আশ্বাস পিচ নির্মাতার, উইকেট দেখে গেলেন সৌরভ

রবিবার ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে কার্যত কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নামছে ভারত। সেমিফাইনালে যেতে গেলে ইডেন গার্ডেন্সে হারাতেই হবে ক্যারিবীয়দের। সেই ম্যাচে রানের বন্যা দেখা যেতে পারে। ইঙ্গিত দিয়েছেন পিচ নির্মাতা সুজন মুখোপাধ্যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৬
Share:

ইডেনের পিচ দেখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। — ফাইল চিত্র।

রবিবার ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে কার্যত কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নামছে ভারত। সেমিফাইনালে যেতে গেলে ইডেন গার্ডেন্সে হারাতেই হবে ক্যারিবীয়দের। সেই ম্যাচে রানের বন্যা দেখা যাবে। এমনই ইঙ্গিত দিয়েছেন পিচ নির্মাতা সুজন মুখোপাধ্যায়। গ্রুপ পর্বের যে ম্যাচে ২০০ রান তুলেছিল স্কটল্যান্ড, সেই পিচেই ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচ হবে বলে জানা গিয়েছে।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইডেনে দ্বিতীয় ম্যাচ ছিল স্কটল্যান্ড এবং ইটালির মধ্যে। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে স্কটল্যান্ড ২০৭/৪ তোলে। সেই পিচেই ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচ হবে। শুক্রবার বিকেলে সৌরভ গঙ্গোপাধ্যায় এসে পিচ পরীক্ষা করেন। তার পর আউটফিল্ড-সহ পুরো মাঠ ঢেকে দেওয়া হয়।

এর পর সৌরভের সঙ্গে সুজন এবং বোর্ডের মুখ্য পিচ নির্মাতা আশিস ভৌমিকের কিছু ক্ষণ আলোচনা হয়। দুই প্রান্ত থেকে নিবিড় ভাবে পিচ পরীক্ষা করেন সৌরভ। পরে সংবাদ সংস্থাকে সুজন বলেন, “পিচের প্রস্তুতি নিয়ে সৌরভ খুশি। বিশ্বকাপে ইডেনে হওয়া দ্বিতীয় ম্যাচের পিচই ব্যবহার করা হচ্ছে। ইডেনের প্রথামাফিক পিচই তৈরি হচ্ছে। রানও যেমন দেখা যাবে, তেমনই বোলারদের জন্যও কিছু থাকবে।”

Advertisement

তিনি জানিয়েছেন, ম্যাচে শিশিরের প্রভাব থাকবে ভাল মতোই। যদিও আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার শিশির পড়ার সম্ভাবনা বিশেষ নেই। ফলে টস প্রভাব ফেলবে না। পিচে শুষ্কতা থাকায় স্পিনারেরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। তবে অতীতে ইডেনের পিচে পেসারেরাও বাউন্সের সাহায্য পেয়েছেন। ইংল্যান্ডের ম্যাচে দেখা গিয়েছিল, জফ্রা আর্চার পিচের সাহায্য নিয়ে ভাল বল করেছেন। ফলে ভারতের জসপ্রীত বুমরাহ এবং অর্শদীপ সিংহের কাছেও সুযোগ থাকছে পিচ কাজে লাগানোর।

বিশ্বকাপে ভারত প্রথম বার ইডেনে খেলতে নামছে। অন্য দিকে ওয়েস্ট ইন্ডিজ় গ্রুপ পর্বে দু’টি ম্যাচ খেলে ফেলেছে। দু’টিতেই জিতেছে তারা। ফলে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়ে তারা একটু হলেও এগিয়ে থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement