IPL 2026

শুধু অধিনায়ক নন, আইপিএল শেষে কোপ পড়বে গোটা কোচিং দলের উপর, সকলের পারফরম্যান্সেই ক্ষুব্ধ দল

আগামী মরসুমে দিল্লি ক্যাপিটালসের নিয়ন্ত্রণ জিএমআর গোষ্ঠীর হাত থেকে জেএসডব্লিউ গোষ্ঠীর হাতে যাবে। দলের এ বারের পারফরম্যান্সে কর্তারা অত্যন্ত ক্ষুব্ধ। বদলে ফেলা হতে পারে খোলনলচে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১১:৩৭
Share:

আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।

আইপিএল শেষ হলে ব্যাপক ছাঁটাই করতে পারেন দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ। তালিকায় রয়েছেন কোচ, সহকারী কোচ, অধিনায়ক ছাড়াও একাধিক ক্রিকেটার। ভাল দল তৈরি করেও হতাশাজনক পারফরম্যান্সে ক্ষুব্ধ এবং হতাশ দিল্লি কর্তৃপক্ষ।

Advertisement

আইপিএলের প্লেঅফের লড়াই থেকে ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স এবং লখনউ সুপার জায়ান্টস। শেষ চারে যাওয়ার লড়াইয়ে রয়েছে মূলত প্রথম ছ’টি দল। সপ্তম স্থানে থাকা দিল্লি এবং অষ্টম স্থানে থাকা কলকাতা নাইট রাইডার্স অঙ্কের হিসাবে এখনও আশা বাঁচিয়ে রেখেছে। তার মধ্যে দিল্লির ১২ ম্যাচে ১০ পয়েন্ট। অক্ষর পটেলেরা প্লেঅফে পৌঁছে গেলে চ্যাম্পিয়নও হতে পারেন। যদিও সম্ভাবনা কম। এর চেয়ে অনেক ভাল পারফরম্যান্স আশা করেছিলেন দিল্লি কর্তৃপক্ষ। তাই আগামী মরসুমের আগে দলের খোলনলচে বদলে ফেলতে চাইছেন তাঁরা।

সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, আগামী মরসুমে অক্ষরকে অধিনায়ক না রাখার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। তাঁর পারফরম্যান্সেও খুশি নন কর্তারা। ১২টি ম্যাচে দিল্লি অধিনায়ক ৩৬ ওভার বল বলেছেন। অর্থাৎ ম্যাচ প্রতি ৩ ওভার করেছেন। উইকেট পেয়েছেন ১০টি। ওভার প্রতি দিয়েছেন ৮.০৮ রান। এ ছাড়া ব্যাট হাতে ১১২.৫০ স্ট্রাইক রেটে ১০০ রান করেছেন। অক্ষরের নেতৃত্বেও খুশি নন কর্তারা। মূলত কোচ হেমাঙ্গ বাদানি এবং ডিরেক্টর অফ ক্রিকেট বেনুগোপাল রাওয়ের পরামর্শ মতো দল পরিচালনা করেন। নিজে সিদ্ধান্ত নিতে পারেন না। কর্তৃপক্ষ হতাশ কুলদীপ যাদবের পারফরম্যান্সেও।

Advertisement

দিল্লি ক্যাপিটালসের মালিকানা রয়েছে দু’টি সংস্থার হাতে। জেএসডব্লিউ এবং জিএমআরের সমান অংশীদারি রয়েছে। দুই সংস্থা পালা করে ক্রিকেট দলের দায়িত্ব সামলান। আগামী মরসুমে আইপিএল ফ্র্যাঞ্চাইজ়ির দায়িত্বে আসার কথা পার্থ জিন্দলের জেএসডব্লিউ গোষ্ঠীর হাতে। তাদের এক কর্তা বলেছেন, ‘‘অধিনায়ক হিসাবে অক্ষর ব্যর্থ। সব সময় বাদানি এবং বেনুগোপালের মুখাপেক্ষী হয়ে থাকে। অবিশ্বাস্য কিছু না ঘটলে অক্ষরের অধিনায়ক থাকার সম্ভাবনা নেই। সম্ভবত পুরো কোচিং স্টাফও বদলে ফেলা হবে। আমরা হতাশ।’’ তিনি অবশ্য জানিয়েছেন, মরসুম শেষ হওয়ার পর সকলের পারফরম্যান্স বিচার করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement