ফিফা সভাপতি ইনফান্তিনোর সঙ্গে আইসিসি চেয়ারম্যান জয় শাহ। ছবি: সমাজমাধ্যম।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বাদ পড়া এবং পাকিস্তানের ভারত বয়কট নিয়ে আলোচনা চলছে। অনেকেই আইসিসি-র চেয়ারম্যান জয় শাহের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মাঝেই ভারতীয় কর্তার প্রশংসা করলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি জানিয়েছেন, ক্রিকেটের প্রতি যে অবদান জয় রেখেছেন তা অসাধারণ।
ইটালিতে হচ্ছে শীতকালীন অলিম্পিক্স। সেখানেই ফিফা সভাপতির সঙ্গে দেখা হয়েছে আইসিসি চেয়ারম্যান জয়ের। ইনফান্তিনো ছবি পোস্ট করে লিখেছেন, “আজ মিলানে আইসিসি চেয়ারম্যান জয় শাহের সঙ্গে দেখা করতে পেরে আপ্লুত। ক্রিকেটের মতো সুন্দর খেলাটার উন্নতির জন্য উনি যে দুর্দান্ত কাজ করছেন তা অসামান্য। আমি ওঁকে এবং বাকিদের শুভেচ্ছা জানাই। দু’বছরের মধ্যে অলিম্পিক্সে নতুন করে আবির্ভূত হবে ক্রিকেট। একসঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।”
শুক্রবার থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হচ্ছে শীতকালীন অলিম্পিক্স। তবে যোগ্যতা অর্জন পর্বগুলি চালু হয়ে গিয়েছে বুধবার থেকেই। শনিবার থেকে পদক দেওয়া শুরু হবে। ২২ ফেব্রুয়ারি ভেরোনা অলিম্পিক্স এরিনায় সমাপ্তি অনুষ্ঠান হবে।
শীতকালীন অলিম্পিক্সে প্রথম বার উদ্বোধনী অনুষ্ঠান হবে একাধিক জায়গায়। সবচেয়ে বড় অনুষ্ঠান হবে মিলানের ঐতিহ্যশালী সান সিরো স্টেডিয়ামে। এ ছাড়া প্রেদাজ়ো, লিভিগনো এবং কর্তিনা দি’আমপ্রেজ়োয় বাকি অনুষ্ঠানগুলি হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইটালির এবং বিশ্বের সেরা শিল্পীরা থাকবেন। আমেরিকার পপ তারকা মারিয়াহ কারে থাকছেন উদ্বোধনে। মূলত মিলান এবং কর্তিনায় খেলাগুলি হবে। সব মিলিয়ে আটটি খেলায় ১৬টি বিভাগ থাকছে শীতকালীন অলিম্পিক্সে।