IPL 2026

খরা কাটল বুমরাহের, ১৪৬ বল পর আইপিএলে উইকেট, এ বারের ষষ্ঠ ম্যাচের প্রথম বলেই সাফল্য

আইপিএলে ১৪৬ বল পর উইকেট পেলেন জসপ্রীত বুমরাহ। শুধু এ বারের হিসাবে ১১৫তম বলে প্রথম উইকেট পেলেন। প্রথম পাঁচ ম্যাচ উইকেটহীন থাকার পর ষষ্ঠ ম্যাচের প্রথম বলেই আউট করলেন সাই সুদর্শনকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ২২:৩৭
Share:

জসপ্রীত বুমরাহ। ছবি: রয়টার্স।

উইকেট পাচ্ছিলেন না জসপ্রীত বুমরাহ। ভাল বল করেও উইকেটহীন থাকছিলেন বিশ্বের অন্যতম সেরা বোলার। এ বারের আইপিএলে প্রথম পাঁচ ম্যাচে উইকেট না পাওয়ার জ্বালা মিটিয়ে নিলেন ষষ্ঠ ম্যাচের প্রথম বলেই।

Advertisement

রান আটকাতে পারলেও উইকেট পাচ্ছিলেন না বুমরাহ। আইপিএলে তাঁকে কিছুটা নিষ্প্রভ দেখাচ্ছিল। চাপ তৈরি হচ্ছিল নিশ্চিত। ক্রিকেটমহলে তাঁর উইকেট না পাওয়া নিয়ে আলোচনাও শুরু হয়ে গিয়েছিল। গতি কমিয়ে বল করায় প্রশ্ন উঠছিল ফিটনেস নিয়ে। বুমরাহ সব প্রশ্নের জবাব দিয়ে দিলেন এ বারের আইপিএলের ষষ্ঠ ম্যাচের প্রথম বলেই।

সোমবার অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৯৯ রান করেন মুম্বই। ৪৫ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিলক বর্মা। আইপিএলে এটাই তাঁর প্রথম শতরান। গুজরাতের জয়ের লক্ষ্য দাঁড়ায় ২০০। যা এখনকার টি-টোয়েন্টি ক্রিকেটে খুব বেশি নয়। ম্যাচের রাশ হাতে রাখতে দ্রুত উইকেট দরকার ছিল মুম্বইয়ের। হার্দিক পাণ্ড্য ভরসা রেখেছিলেন বুমরাহের উপর। অধিনায়ককে হতাশ করলেন না জোরে বোলার।

Advertisement

গুজরাতের ইনিংসের প্রথম বলেই তিনি আউট করলেন সাই সুদর্শনকে। ফুল লেংথে অফ স্টাম্পের বাইরে বল রেখেছিলেন বুমরাহ। সুদর্শন জায়গায় দাঁড়িয়ে কভারের উপর দিয়ে মারার চেষ্টা করেন। বল তাঁর ব্যাটের একদম নীচের অংশে লেগে চলে যায় কভারে থাকা ফিল্ডার কৃশ ভগতের কাছে। মুম্বইয়ের তরুণ ক্রিকেটার ক্যাচ ধরার সঙ্গে সঙ্গে এ বারের আইপিএলে প্রথম উইকেট পান বুমরাহ। সব মিলিয়ে আইপিএলে ১৪৬ বল পর উইকেট পেলেন তিনি। শুধু এ বারের হিসাবে ১১৫তম বলে প্রথম উইকেট বুমরাহের। শেষ পর্যন্ত ৩ ওভারে ১৫ রান দিয়ে ১ উইকেট নেন।

এ বারের আইপিএলের প্রথম পাঁচটি ম্যাচে ১৯ ওভার বল করে কোনও উইকেট পাননি বুমরাহ। অর্থাৎ ১১৪টি বল করেও (‘নো’, ‘ওয়াইড’ বাদে) উইকেট পাননি তিনি। ১৯ ওভারে দিয়েছিলেন ১৬৪ রান। বুমরাহ কেকেআরের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৩৫ রান দেন ৪ ওভারে। দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২১ রান দেন ৪ ওভারে। তৃতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩২ রান দেন ৩ ওভারে। চতুর্থ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৩৫ রান দেন ৪ ওভার বল করে। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৪ ওভারে বুমরাহ দিয়েছেন ৪১ রান। আর গুজরাতের বিরুদ্ধে প্রথম বলেই উইকেট তুলে নিয়ে ক্রিকেটপ্রেমীদের আশ্বস্ত করলেন বিশ্বের অন্যতম সেরা বোলার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement