আয়ুষ্মান নন, প্রথমে অভিনয়ের কথা ছিল বরুণের? ছবি: সংগৃহীত।
তিনি যেমন এক দিকে বাণিজ্যিক ঘরানার ছবিতে সাবলীল। তেমনই আবার গুরুগম্ভীর কাহিনিতেও তাঁর অভিনয় প্রশংসিত। বরুণ ধবনের কৌতুকধর্মী চরিত্র নিয়ে বার বার আলোচনা হয়েছে। তবে ইদানীং অভিনেতা সমালোচিত হচ্ছেন তাঁর ছবি বা কাজ বাছাইকে কেন্দ্র করে। এ বার নায়কের মন্তব্য ঘিরে বিপুল আলোচনা।
শ্রীরাম রাঘবন পরিচালিত ‘অন্ধাধুন’ ছবির কথা মনে আছে? যে ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন আয়ুষ্মান খুরানা, তব্বু ও রাধিকা আপটে। আয়ুষ্মানের অভিনয় খুবই আলোচিত হয়েছিল সর্বত্র। সেরা অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কারও পেয়েছিলেন নায়ক। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি নিয়ে এখনও আলোচনা কম হয় না।
অভিনয়ের কথা ছিল কঙ্গনা রনৌতের? ছবি: সংগৃহীত।
মুক্তির আট বছর পরে প্রকাশ্যে এল এক সত্য। সম্প্রতি, বরুণের মন্তব্যে রীতিমতো চমকে গিয়েছেন অনেকেই। কিছু দিন আগে এক সাক্ষাৎকারে বরুণ নানা ধরনের গল্প বলেন। সেখানেই উঠে আসে অন্য কাজের কথা। তখন বরুণ বলেন, “‘অন্ধাধুন’ ছবিতে অভিনয় করার প্রথম প্রস্তাব এসেছিল আমার কাছে। সেই সময়ে আর একটি চরিত্রে অভিনয় করার কথা ছিল অভিনেত্রী কঙ্গনা রনৌতের।”
বরুণ জানান, এই ছবির মাধ্যমে দর্শক দেখতেন কঙ্গনা এবং তাঁর জুটি। এই ছবিতে অভিনয় না করার জন্য আক্ষেপও ধরা পড়ে নায়কের কণ্ঠে। বরুণ বলেন, “সত্যি। একটা ভাল ছবিকে না করেছিলাম। আসলে সেই সময়ে অন্য একটা ছবির শুটিং চলছিল। কোথাও আগে প্রতিশ্রুতি দিলে, সেখান থেকে সরে আসাও তো ঠিক নয়। তাই সেই সময় শ্রীরাম রাঘবনকে না করাই ঠিক বলে মনে হয়েছিল আমার। বিপরীতে কঙ্গনারও অভিনয় করার কথা ছিল। কিন্তু তিনিও তো করেননি অভিনয়।”
বরুণের এই মন্তব্য সামনে আসতে সমাজমাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনা। এক ব্যক্তি লেখেন, “বরুণ ও কঙ্গনা দু’জনেই দক্ষ অভিনেতা। ছবির সাফল্যের বড় কারণ ছিল এর অসাধারণ চিত্রনাট্য।” অন্য এক জন মন্তব্য করেন, “কঙ্গনার অভিনয়দক্ষতা নিয়ে কোনও সন্দেহ নেই, তবে একটি ‘মার্ডার মিস্ট্রি’ ও ‘সাসপেন্স থ্রিলার’-এ বরুণকে কল্পনা করতে এখনও একটু অসুবিধাই হচ্ছে।” এক অনুরাগী মজার ছলে লেখেন, “বলিউডের সেই চিরন্তন ‘যদি এমন হত’ মুহূর্ত! কল্পনা করুন, এক সমান্তরাল মহাবিশ্বে বরুণ গান-নাচের বদলে খুনের রহস্য সমাধান করছেন। কিন্তু সত্যি বলতে, ‘অন্ধাধুন’-এর অদ্ভুত, অপ্রত্যাশিত এবং ডার্ক কমেডির আবহ আয়ুষ্মান যে ভাবে ফুটিয়ে তুলেছিলেন, তা অন্য কারও পক্ষে এতটা নিখুঁত হয়তো করা সম্ভব হত না। কিছু চরিত্র শেষপর্যন্ত তাদের সঠিক অভিনেতাকেই খুঁজে নেয়।”
প্রশংসিত হয়েছিল তাব্বু এবং রাধিকার অভিনয়। ছবি: সংগৃহীত।
প্রসঙ্গত, গত কয়েক বছরে বরুণ অভিনীত ছবি যে বক্সঅফিসে খুব ভাল ফল করেছে, তা নয়। তাঁকে সম্প্রতি দেখা গিয়েছে ‘হ্যায় জওয়ানি তো ইশ্ক হোনা হ্যায়’ ছবিতে। গত শুক্রবার মুক্তি পাওয়া ছবিটিও বক্সঅফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। প্রথম সপ্তাহান্তে ছবিটির আয় হয়েছে ২৪ কোটি টাকার আশপাশে।