ICC T20 World Cup 2026

বিশ্বকাপের ফাইনালে ম্যাচের সেরা কে হবেন, বলে দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক

বিশ্বকাপ ফাইনালে ম্যাচের সেরা কে হবেন? জেনে গিয়েছেন মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ফাইনালের এক দিন আগে জানিয়ে দিলেন তাঁর বাছাই করা সেই ক্রিকেটারের নাম।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১৩:০০
Share:

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক। —ফাইল চিত্র

রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ম্যাচের সেরা কে হবেন, জানিয়ে দিলেন মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মনে করছেন, জসপ্রীত বুমরাহ ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হবেন।

Advertisement

বুমরাহকেই সম্ভাব্য ‘গেম চেঞ্জার’ হিসাবে দেখছেন ক্লার্ক। গত বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে মোক্ষম সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বুমরাহ। ভারত শেষপর্যন্ত মাত্র ৭ রানে জিতে ফাইনালে ওঠে।

গোটা প্রতিযোগিতা জুড়ে বুমরাহের ধারাবাহিক ভাবে ভাল বোলিংয়ের প্রশংসা করে ক্লার্ক বলেন, চাপের মুখে গুরুত্বপূর্ণ মুহূর্তে পারফর্ম করার এক অসাধারণ ক্ষমতা রয়েছে বুমারহের। সেমিফাইনালে বুমরাহ ১৮তম ওভারে মাত্র ৬ রান দেন। তার আগে ১৬তম ওভারে ৮ রান দেন। ওই দু’ওভারে মাত্র ১৪ রান না দিলে ভারত হেরে যেতে পারত।

Advertisement

‘বিয়ন্ড ২৩’ ক্রিকেট পডকাস্টে ক্লার্ক বলেন, চাপের মুখে নিজের সেরা দক্ষতায় বল করতে পারাই বুমরাহকে বিশ্বের সেরা বোলার করে তুলেছে। ক্লার্ক বলেন, ‘‘প্রচুর বৈচিত্র থাকা এক বিষয়, কিন্তু চাপের মুখে সেগুলোর সঠিক প্রয়োগ করতে পারাটাই আসল। এটাই ওকে বিশ্বের সেরা করে তুলেছে। ফাইনালে বুমরাহ ম্যাচের সেরা হলে আমি অবাক হব না।’’

ক্লার্কের মতে, ‘‘ভারতই এ বারের বিশ্বকাপে সেরা দল। ওরা দুর্দান্ত খেলছে। এই বিশ্বকাপে বুমরাহকে নিয়ে আমরা হয়তো খুব বেশি আলোচনা করিনি। কারণ, আমরা হয়তো এখন ওর থেকে এমনই পারফরম্যান্সই আশা করি। বুমরাহ বিস্ময়কর প্রতিভা। তিন ফরম্যাটেই ও এমন একজন ম্যাচ উইনার, যে কঠিন পরিস্থিতিতেও ভাল বোলিং করে। যেমন রান আটকায়, তেমনই উইকেটও নেয়। চাপের মুখে ওর মতো নিখুঁত বোলিং বিশ্বে আর কেউ করতে পারে না।’’

ক্লার্ক আরও যোগ করেন, ‘‘বুমরাহের ঝুলিতে অনেক রকম অস্ত্র আছে। আমরা যেমন সেরা ব্যাটারদের নিয়ে বলি যে, তারা বিশ্বের যে কোনও পরিস্থিতিতে চাপের মুখে রান করে, বুমরাহ বল হাতে ঠিক সেটাই করে। আমি যদি ওর দলের ক্যাপ্টেন হতাম, তা হলে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হত ওকে কখন ব্যবহার করব সেটা ঠিক করা। এই কারণেই ভারত এখন ওকে দিয়ে বোলিং শুরু করায় না। ডেথ ওভারের জন্য ওর দুটো ওভার হাতে রেখে দেয়।’’

এই বিশ্বকাপে এখনও পর্যন্ত বুমরাহ সাত ম্যাচে ১৫.৯০ গড় এবং ৬.৬২ ইকোনমি রেটে ১০টি উইকেট নিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement