Gautam Gambhir

বাংলার প্রাক্তন কোচকে ভারতীয় দলে নিয়ে আসছেন গম্ভীর, যোগ দেবেন আইপিএল শেষ হলেই

ভারতের বোলিং কোচেদের দলে পরিবর্তন হচ্ছে। নতুন কোচ যোগ দেবেন আইপিএলের পরে। স্পিন বোলিং কোচ হিসাবে কাজ করবেন নতুন সদস্য। তিনি কে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ১৯:০৩
Share:

ভারতের কোচ গৌতম গম্ভীর। — ফাইল চিত্র।

ভারতের বোলিং কোচেদের দলে পরিবর্তন হচ্ছে। নতুন কোচ নেওয়া হবে আইপিএলের পরেই। স্পিন বোলিং কোচ হিসাবে কাজ করবেন নতুন সদস্য। অতীতে বাংলার কোচ হিসাবেও কাজ করেছেন তিনি।

Advertisement

ভারতের নতুন স্পিন বোলিং কোচ হচ্ছেন সাইরাজ বাহুতুলে। তিনি এই মুহূর্তে আইপিএলে পঞ্জাব কিংস দলের সঙ্গে যুক্ত। আইপিএল মিটলেই বর্তমান পদ ছেড়ে ভারতীয় দলে যোগ দেবেন।

ভারতীয় দলের এক সূত্র ‘টাইমস অফ ইন্ডিয়া’কে বলেছেন, “বাহুতুলে দু’বছরের চুক্তিতে ভারতের স্পিন বোলিং কোচ হিসাবে যোগ দিচ্ছেন। ভারতের স্পিনারদের পরামর্শ দেওয়ার জন্য অভিজ্ঞ স্পিন বোলিং কোচ দরকার ছিল। তাই গৌতম গম্ভীর নিজে এবং বোর্ডের শীর্ষকর্তারা বাহুতুলের সঙ্গে যোগাযোগ করেন। উনি রাজি হয়েছেন।” জুনে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ়‌ দিয়ে কাজ শুরু করতে চলেছেন বাহুতুলে।

Advertisement

ভারতের হয়ে ১৯৯৭ থেকে ২০০৩-এর মধ্যে দু’টি টেস্ট এবং আটটি এক দিনের ম্যাচ খেলেছেন বাহুতুলে। পাঁচটি উইকেট নিয়েছেন। ১৮৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২৬ গড়ে ৬৩০টি উইকেট রয়েছে তাঁর। করেছেন ৬১৭৬ রান। গত কয়েক বছর ধরেই ভারতের বোলিং কোচ এবং স্পিন বোলিং পরামর্শদাতা হিসাবে কাজ করেছেন বাহুতুলে। রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণের সঙ্গে অন্তত ১০টি সফরে গিয়েছেন। ২০২৪-এ দক্ষিণ আফ্রিকায় সাদা বলের সফরে ভারতের ভারপ্রাপ্ত প্রধান কোচও ছিলেন বাহুতুলে।

২০১৫-য় সিএবি সভাপতি হওয়ার পরে সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার কোচ হিসাবে নিয়োগ করেছিলেন বাহুতুলেকে। এক বার বাংলাকে রঞ্জির সেমিফাইনালে তুলেছিলেন বাহুতুলে। তবে ধারাবাহিক খারাপ পারফরম্যান্সের কারণে ২০১৯-এ বাংলার কোচ হিসাবে ছাঁটাই হন তিনি। এর পর আইপিএলে রাজস্থান-সহ একাধিক দলের সঙ্গে কাজ করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement