কোহলিকে বোল্ড করে প্রিন্সের লাফ। ছবি: পিটিআই।
চলতি আইপিএলে প্রথম বার শূন্য রানে আউট হয়েছেন বিরাট কোহলি। বৃহস্পতিবার প্রিন্স যাদবের দ্বিতীয় বলেই ছিটকে যায় তাঁর অফস্টাম্প। হতাশায় মাথা নাড়তে নাড়তে সাজঘরে ফেরেন কোহলি। ম্যাচের পর প্রিন্স জানালেন, কোহলির দেওয়া পরামর্শেই তাঁকে আউট করেছেন। বিরাটের পিঠ চাপড়ানিও পেয়েছেন তিনি।
প্রিন্সের ১৪০ কিলোমিটার বেগের বল সামনে এগিয়ে খেলতে গিয়েছিলেন কোহলি। ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে বল তাঁর অফস্টাম্প উড়িয়ে দেয়। কোহলি নিজেও অবাক হয়ে যান। ম্যাচের পর প্রিন্স বলেছেন, “প্রথম বলেই আমি ভুল ফিল্ডিং করেছিলাম। সেই ঘটনাকে পিছনে ফেলে এগিয়ে যাওয়া দরকার ছিল। আমি মনঃসংযোগ হারাইনি। আগের ম্যাচের পর বিরাট ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল। উনি আমাকে বলেছিলেন, যখনই দেখবে কোনও লেংথে বল নড়াচড়া করছে, তখন সেই লেংথেই বল করে যাবে।”
ম্যাচের পর কোহলি এগিয়ে আসেন প্রিন্সের দিকে। তাঁর পিঠ চাপড়ে দিয়ে প্রশংসা করেন। সেখানে লখনউয়ের বোলিং কোচ ভরত অরুণও ছিলেন। তাঁকেও কিছু কথা বলেন কোহলি। সকলকে একসঙ্গে হাসিঠাট্টা করতে দেখা গিয়েছে।
প্রিন্স অবশ্য বেশি খুশি দল জেতায়। তিনি বলেছেন, “কোহলির উইকেট পেয়ে ভাল লাগছে। কিন্তু সবচেয়ে বেশি খুশি দল জেতায়। যদি ওর উইকেট পাওয়ার পরেও দল হেরে যেত তা হলে এতটা ভাল লাগত না। তবে বোলার হিসাবে উইকেট নিলে সব সময়েই ভাল লাগে। এ দিন সবই আমাদের পক্ষে গিয়েছে।”