ছবি: ইনস্টাগ্রাম।
আজকাল বেশির ভাগ মানুষ ভ্রমণের সময় রিল বানান। ভ্রমণে গিয়ে তাঁরা কোনও ট্রেন্ডিং বা জনপ্রিয় গানে রিল তৈরি করেন এবং ভাইরাল হওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করেন। এক তরুণীও সেটাই করেছিলেন। একটি রিল পোস্ট করেছিলেন ভিয়েতনাম গিয়ে। কিন্তু তীব্র কটাক্ষ এবং রোষের মুখে পড়ে ভিডিয়োর মন্তব্য করার অংশ বন্ধ করতে বাধ্য হলেন। তরুণীর সেই রিল ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ভারতীয় এক তরুণী বন্ধুবান্ধবদের সঙ্গে ভিয়েতনামে ঘুরতে গিয়েছেন। ভিয়েতনামের হ্যানয়ে ‘ট্রেন স্ট্রিটে’ গিয়েছেন তাঁরা। ভিয়েতনামের এই রাস্তা সারা বিশ্বের পর্যটকদের কাছে বিখ্যাত। সেখানে ট্রেনলাইনের উপরেই দোকানবাজার বসান স্থানীয়েরা। অনেকেই এই জায়গার ভিডিয়ো তৈরি করে পোস্ট করেন। তরুণী এবং তাঁর বন্ধুদেরও সেখানে রিল ভিডিয়ো শুট করতে দেখা গিয়েছে। লাইনের উপর দাঁড়িয়ে বলিউডের ‘ছাইয়া ছাইয়া’ গানে রিল বানিয়েছেন তাঁরা। সেই ভিডিয়োই প্রকাশ্য এসেছে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘শ্বেতা১৩১২৮৯’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ক্যাপশনে লেখা, ‘‘ভিয়েতনামের ট্রেন স্ট্রিটে গিয়ে যদি ছাইয়া ছাইয়া না করা হয়, তা হলে ট্রেন স্ট্রিটে যাওয়ার মানে কী?’’ ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগকিতাদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে।
নেটাগরিকদের একাংশের কটাক্ষ এবং রোষের মুখেও পড়েছেন তরুণী। নেটাগরিকদের ওই অংশের দাবি, তরুণী মুম্বইয়ের বাসিন্দা এবং ভিয়েতনামের হ্যানয়ে ‘ট্রেন স্ট্রিটে’ গিয়ে রিল বানিয়ে তিনি যা করেছেন, তা সঠিক নাগরিক বোধের অভাব। পর্যটনকেন্দ্রে গিয়ে দল বেঁধে ট্রেনলাইন ঘিরে তরুণী এবং তাঁর বন্ধুরা রিল শুট করে ভুল করেছেন বলেও দাবি তুলেছেন তাঁরা। তাঁদের দাবি, এতে ভারতের বদনাম হবে। জানা গিয়েছে, নেটপাড়ার তীব্র কটাক্ষের মুখে পড়ার পর সাময়িক ভাবে ভিডিয়োর মন্তব্য বিভাগ বন্ধ করেন তরুণী।