গৌতম গম্ভীর (বাঁ দিকে) ও শুভমন গিল। —ফাইল চিত্র।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সূচি নিয়ে বিরক্ত গৌতম গম্ভীরেরা। ৩১ মে শেষ আইপিএল। তার ছ’দিন পর ৬ জুন থেকে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের একটি টেস্ট রয়েছে। সেই টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে বহু তারকাকে। দ্বিতীয় সারির দল নামাতে পারেন গম্ভীরেরা।
আইপিএলের মতো এত দীর্ঘ এক প্রতিযোগিতার পর ক্রিকেটারদের বিশ্রামের প্রয়োজন। কারণ, আইপিএলের পর ভারত জোর দেবে ২০২৭ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও এক দিনের বিশ্বকাপের উপর। আইপিএল শেষ হওয়ার পর মাত্র ছ’দিনের মধ্যে একটি টেস্ট ফেলায় বিরক্ত গম্ভীরেরা। আফগানিস্তান টেস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় পড়ছে না। ফলে সেই টেস্টের ফলের উপর কিছু নির্ভর করছে না। সেই কারণেই তারকাদের নামিয়ে ঝুঁকি নিতে চাইছে না ম্যানেজমেন্ট।
‘টাইমস অফ ইন্ডিয়া’-কে ভারতীয় ক্রিকেট দলের এক সূত্র বলেছে, “আইপিএল ফাইনাল ও আফগানিস্তান টেস্টের মধ্যে বেশি দিনের তফাত নেই। তাই নির্বাচকেরা ও ম্যানেজমেন্ট ক্রিকেটারদের উপর ধকল বাড়াতে চাইছেন না। কারণ, সেই টেস্টের পর তিনটি এক দিনের ম্যাচ ও তার পর ইংল্যান্ডে সাদা বলের সিরিজ় রয়েছে। গোটা বছর খেলা থাকায় তারকা ক্রিকেটারদের ধকলের দিকে নজর রাখা হবে।”
জানা গিয়েছে, শুভমন গিল, জসপ্রীত বুমরাহ, লোকেশ রাহুল, মহম্মদ সিরাজ-সহ বেশ কিছু ক্রিকেটারকে আফগানিস্তান টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে। বদলে গুর্নুর ব্রার, মানব সুথার, আকিব নবি, দেবদত্ত পড়িক্কল, সরফরাজ় খানের মতো ঘরোয়া ক্রিকেটে নজর কাড়া ক্রিকেটারদের সেই টেস্টে খেলানো হতে পারে।
তবে সবটাই নির্ভর করছে আইপিএলের উপর। যদি গুজরাত ও মুম্বই প্লে-অফে উঠতে না পারে, তা হলে আফগানিস্তান টেস্টের আগে পর্যাপ্ত বিশ্রাম পাবেন শুভমন, বুমরাহেরা। সে ক্ষেত্রে তাঁদের খেলানোও হতে পারে। তবে পুরোটাই নির্ভর করছে কোচ গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগরকরের উপর।