ICC ODI World Cup 2027

পরের বছর এক দিনের ক্রিকেট বিশ্বকাপ কবে শুরু, কবে শেষ, প্রকাশ্যে প্রতিযোগিতার দিনক্ষণ, বাড়ছে দেশের সংখ্যা

পরের বছর এক দিনের ক্রিকেট বিশ্বকাপ রয়েছে। তা আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা, জ়িম্বাবোয়ে এবং নামিবিয়ায়। সেই বিশ্বকাপ কবে শুরু হবে, কবে শেষ তা প্রকাশ্যে এল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ১৮:৩৩
Share:

এক দিনের বিশ্বকাপের ট্রফি। ছবি: সমাজমাধ্যম।

পরের বছর এক দিনের ক্রিকেট বিশ্বকাপ রয়েছে। তা আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা, জ়িম্বাবোয়ে এবং নামিবিয়ায়। সেই বিশ্বকাপ কবে শুরু হবে, কবে শেষ তা প্রকাশ্যে এল। গত মে-তে অহমদাবাদে আইসিসি-র বৈঠকে বিশ্বকাপের দিনক্ষণে শিলমোহর পড়েছে বলে জানা গিয়েছে। জুলাইয়ে এডিনবরায় বার্ষিক সাধারণ সভা রয়েছে। সেখানে আনুষ্ঠানিক ঘোষণা হবে বলে জানা গিয়েছে।

Advertisement

‘ক্রিকইনফো’র খবর অনুযায়ী, বিশ্বকাপ শুরু হবে ৪ অক্টোবর। শেষ হবে ২১ নভেম্বর। অর্থাৎ দেড় মাসের উপর বিশ্বকাপ চলবে। দক্ষিণ আফ্রিকাতেই বিশ্বকাপের বেশির ভাগ ম্যাচ হওয়ার কথা। ৫৪টি ম্যাচের মধ্যে ৪১টি হবে দক্ষিণ আফ্রিকায়। জ়িম্বাবোয়ে আট থেকে ১০টি ম্যাচ আয়োজন করবে। নামিবিয়ায় হবে তিনটি ম্যাচ।

জ়িম্বাবোয়েতে দু’টির বদলে তিনটি মাঠে খেলা হবে। হারারে স্পোর্টস ক্লাব এবং বুলাওয়ের পাশাপাশি ভিক্টোরিয়া ফলসে খেলা হবে। ভিক্টোরিয়ার ফালে মোয়া-ওয়া-তুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তৈরির কাজ এ বছরই শেষ হওয়ার কথা। পরের বছর মে-তে উদ্বোধনের আগে সেখানে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ হবে। শোনা যাচ্ছিল, এ বছরের অগস্টে জ়িম্বাবোয়ের নতুন স্টেডিয়ামটিতে গিয়ে প্রীতি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। তা অবশ্য হচ্ছে না।

Advertisement

২০০৩ সালে বিশ্বকাপ আয়োজিত হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। তার পর ২০০৭-এ টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়। ২০ বছর পর দক্ষিণ আফ্রিকায় বড় মাপের কোনও ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন হতে চলেছে। মাঝে ২০০৯-এ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৩-এ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হয়েছে সেই দেশে। আগামী বছরের বিশ্বকাপ ১৪টি দেশের হবে। সাতটি দেশকে দু’টি গ্রুপে ভাগ করা হবে। দুই গ্রুপের সেরা তিনটি দল সুপার সিক্স পর্বে খেলবে। পূর্ণ সদস্য দেশ হিসেবে ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা ও জ়িম্বাবোয়ে যোগ্যতাঅর্জন করেছে। নামিবিয়া যোগ্যতাঅর্জন পর্বে খেলছে।

২০২৭-২০৩১ আইসিসি-র ফিউচার টুরস প্রোগ্রামের (এফটিপি) অন্তর্গত প্রথম বড় ইভেন্ট হতে চলেছে এক দিনের বিশ্বকাপ। এ বছরের শেষ দিকে হংকংয়ে আইসিসি-র বৈঠকে এফটিপি চূড়ান্ত হবে। তবে এখনও একটি বড় বিষয় নিয়ে আলোচনা বাকি রয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গঠন এবং সেই প্রতিযোগিতার সময় বাড়ানো হবে কি না তা নিয়ে আলোচনা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement