(বাঁ দিকে) ড্যারেন স্যামি এবং জয় শাহ (ডান দিকে)। পিছনে, ওয়েস্ট ইন্ডিজ় দল। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
চার দিন ধরে কলকাতায় আটকে থাকা ওয়েস্ট ইন্ডিজ় দলের দেশে ফেরার ব্যবস্থা করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে ড্যারেন স্যামিদের জন্য। জয় শাহদের উদ্যোগ ক্যারিবিয়ান ক্রিকেটারদের উদ্বেগ কিছুটা কমিয়েছে।
গত রবিবার ভারতের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ়। তার পর থেকে কলকাতাতেই রয়েছেন শাই হোপেরা। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জন্য তাঁরা দেশে ফিরতে পারছেন না। কারণ একের পর এর বিমান বাতিল হয়েছে গত কয়েক দিনে। প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার পরও এ ভাবে বিদেশে আটকে থাকতে হওয়ায় বিরক্ত ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটারেরা। কোচ ড্যারেন স্যামি সমাজমাধ্যমে লিখেছিলেন, ‘‘শুধু বাড়ি যেতে চাই।’’ ক্যারিবিয়ান কোচের কথা সমাজমাধ্যমে দ্রুত ভাইরাল হয়। তার পরই ওয়েস্ট ইন্ডিজ় দলকে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেয় জয়ের আইসিসি।
সংবাদ সংস্থা পিটিআইকে আইসিসির এক কর্তা বলেছেন, ‘‘ওয়েস্ট ইন্ডিজ় দলের জন্য বিশেষ চার্টার্ড বিমানের ব্যবস্থা করা হয়েছে। যত দ্রুত সম্ভব ওয়েস্ট ইন্ডিজ় দলকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। সংশ্লিষ্টেরা দ্রুত সব ব্যবস্থা করার চেষ্টা করছেন।’’ তিনি অবশ্য জানাতে পারেননি, ঠিক কবে ভারত ছাড়তে পারবে ওয়েস্ট ইন্ডিজ়। স্যামিও সমাজমাধ্যমে জানিয়েছেন, ‘‘একটা খবর পেয়েছি। গোটা ওয়েস্ট ইন্ডিজ় ঠিক যেটা শুনতে চাইছিল।’’ কিছুক্ষণ পর স্যামি আবার লিখেছেন, ‘‘একটা আশা অন্তত দেখা গিয়েছে। আমাদের নিশ্চিত করে জানানো হোক। আজ, কাল নাকি আগামী সপ্তাহে? পাঁচ দিন ধরে আমরা আটকে রয়েছি।’’ ভারত থেকে বিমানে দুবাই বা দোহা হয়ে গেলে সুবিধা হত ওয়েস্ট ইন্ডিজ়ের। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে ঝুঁকি নিতে চাইছে না আইসিসি। চার্টার্ড বিমানে বিকল্প পথে পাঠানো হবে স্যামিদের। তাতে সময় কিছুটা বেশি লাগবে।
শুধু ওয়েস্ট ইন্ডিজ়ই নয়, কলকাতায় আটকে গিয়েছে দক্ষিণ আফ্রিকাও। বুধবার সেমিফাইনালে হারের পর বৃহস্পতিবার সকালে কলকাতা ছাড়তে পারেননি এডেন মার্করামেরা। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে দিল্লিতে আটকে গিয়েছিল জ়িম্বাবোয়ে দলও। জ়িম্বাবোয়ের ক্রিকেটারের ছোট ছোট দলে ভাগ করে বিকল্প পথে দেশে পাঠানো হচ্ছে।