Gautam Gambhir on Rohit Sharma and Virat Kohli

রোহিতের সঙ্গে সম্পর্ক কি তলানিতে! জল্পনার মাঝে মুখ খুললেন গম্ভীর, কথা বললেন কোহলিকে নিয়েও

রোহিত শর্মা ও গৌতম গম্ভীরের সম্পর্ক নিয়ে জল্পনার শেষ নেই। তাঁদের মধ্যে কি সত্যি কোনও সমস্যা রয়েছে? এই বিষয়ে মুখ খুলেছেন গম্ভীর। কী বলেছেন তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৫ ২২:২৩
Share:

(বাঁ দিক থেকে) বিরাট কোহলি, গৌতম গম্ভীর ও রোহিত শর্মা। ছবি: সমাজমাধ্যম।

ভারতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে কি অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে গৌতম গম্ভীরের? তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনার শেষ নেই। অধিনায়ক ও কোচের মধ্যে কি সত্যি কোনও সমস্যা রয়েছে? এই বিষয়ে মুখ খুলেছেন গম্ভীর। স্পষ্ট জবাব দিয়েছেন তিনি।

Advertisement

একটি অনুষ্ঠানে গম্ভীরকে রোহিতের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে গম্ভীর বলেন, “কিছু মানুষ যাঁদের ইউটিউব চ্যানেল আছে, তাঁরা নিজেরাই বিশেষজ্ঞ হয়ে বসে আছেন। তাঁরাই যা মনে হচ্ছে বলছেন। আমরা দু’মাস আগে একসঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি। ভাবুন, যদি হেরে যেতাম তখন আমাকে কী ধরনের প্রশ্ন করা হত?”

রোহিতকে তিনি কতটা সম্মান করেন সে কথা জানিয়েছেন গম্ভীর। তাঁর মতে, এই ধরনের প্রশ্নেরই কোনও মানে হয় না। তিনি বলেন, “দু’মাস আগে যে কোচ ও অধিনায়ক একসঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করার কোনও মানেই হয় না। মানুষ ও ক্রিকেটার হিসাবে আমি রোহিতকে খুব সম্মান করি। ও ভারতের জন্য যা করেছে তার কোনও জবাব নেই। ও যে দিন থেকে ভারতীয় দলে খেলছে সে দিন থেকেই ওর সঙ্গে আমার সম্পর্ক বেশ ভাল। সেটা কোনও দিন বদলাবে না।”

Advertisement

অস্ট্রেলিয়ায় বর্ডার-গাওস্কর ট্রফি চলাকালীন রোহিত ও গম্ভীরের সম্পর্কের অবনতির খবর প্রকাশ্যে এসেছিল। শোনা গিয়েছিল, দলের অন্দরের পরিবেশ ভাল নয়। এমনকি, শেষ টেস্টে রোহিত যে প্রথম একাদশের বাইরে ছিলেন, তাতেও গম্ভীরের হাত দেখেছিলেন অনেকে। শোনা গিয়েছিল, রোহিতকে আর অধিনায়ক হিসাবে চাইছেন না গম্ভীর। যদিও তাঁরা প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে কোনও দিন কথা বললেনি। এ বার আরও এক বার দু’জনের সম্পর্ক নিয়ে মুখ খুললেন গম্ভীর। সব জল্পনা উড়িয়ে দিলেন তিনি।

বিরাট কোহলির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন গম্ভীর। কয়েক বছর আগেও তাঁদের সম্পর্ক ভাল ছিল না। প্রকাশ্যে মাঠে বিবাদে জড়িয়েছেন। যদিও গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ার পর থেকে কোহলির সঙ্গে তাঁকে হাসিমুখে দেখা গিয়েছে। তাঁরা দু’জনেই একে অপরকে কতটা সম্মান করেন তা প্রকাশ্যে জানিয়েছেন। সেই কথা আরও এক বার শোনা গিয়েছে রোহিতের মুখে। তিনি বলেন, “দিল্লির দুই ছেলের মধ্যে মজার সম্পর্ক। যদি সেটা সমস্যা হয়, তা হলে আমি ভারতীয় বোর্ডকে বলব, আমাদের নিয়ে কিছু পোস্ট না করতে।”

Advertisement

আপাতত ভারতীয় ক্রিকেটারেরা আইপিএলে ব্যস্ত। গম্ভীরও ছুটিতে রয়েছেন। আইপিএলের পরেই ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার মাটিতে হারের পর ইংল্যান্ডে কঠিন পরীক্ষা গম্ভীরের। তারই পরিকল্পনা হয়তো বাড়িতে বসে করছেন ভারতীয় দলের কোচ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement