Sai Sudharsan Test Debut

টেস্ট অভিষেকে নজির সুদর্শনের! সৌরভ, দ্রাবিড়, কোহলিকে ছুঁলেন ৩১৭ নম্বর ভারতীয় ক্রিকেটার

হেডিংলেতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দলে অভিষেক হয়েছে সাই সুদর্শনের। অভিষেকের দিন সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলিকে ছুঁয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৫ ১৬:১৮
Share:

টেস্ট অভিষেকে টুপি পাওয়ার পর সাই সুদর্শন। ছবি: সমাজমাধ্যম।

ভারতের ৩১৭তম টেস্ট ক্রিকেটার হিসাবে অভিষেক হয়েছে সাই সুদর্শনের। হেডিংলেতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। অভিষেকের দিন সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলিকে ছুঁয়েছেন সুদর্শন। নজির গড়েছেন তিনি।

Advertisement

২০ জুন ভারতের টেস্ট দলে অভিষেক হয়েছে সুদর্শনের। তাঁর হাতে টেস্ট টুপি তুলে দেন চেতেশ্বর পুজারা। সৌরভ, দ্রাবিড় ও কোহলি— তিন জনেরই টেস্ট অভিষেক হয়েছিল ২০ জুন। অর্থাৎ, তাঁদের ক্লাবে নাম লেখালেন সুদর্শন। একই দিনে অভিষেক হল তাঁর। সৌরভ, দ্রাবিড় ও কোহলি তিন জনই ভারতের অধিনায়ক হয়েছেন। তবে কি সুদর্শনের কেরিয়ারও সেই দিকে এগোবে? সম্ভাবনা রয়েছে। প্রতিভাবান তিনি। তবে তার জন্য অনেক পরিশ্রম করতে হবে এই বাঁহাতি ব্যাটারকে। তাঁর প্রথম পরীক্ষা ইংল্যান্ডে।

তামিলনাড়ু প্রিমিয়ার লিগ থেকে উঠে ভারতীয় দলে নিজের জায়গা করেছেন সুদর্শন। ২০২১ সালের তামিলনাড়ু প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বাধিক রান করেছিলেন। সেই বছরই তামিলনাড়ুর হয়ে সাদা বলের ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। পরের বছর সুযোগ পেয়েছিলেন রঞ্জি দলে। তার পর থেকে রাজ্য দলের হয়ে ২৯ প্রথম শ্রেণির ম্যাচে ১৯৫৭ রান করেছেন তিনি। ৪০ গড়ে সাতটা শতরানও রয়েছে সুদর্শনের।

Advertisement

গত আইপিএলে কেরিয়ারের সেরা ফর্মে খেলেছেন সুদর্শন। গুজরাত টাইটান্সের হয়ে ৭৫৯ রান করেছেন। কমলা টুপি জিতেছেন। ১৫৬.১৭ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। আইপিএলে ভাল খেলায় ইংল্যান্ড সিরিজ়ের দলে জায়গা পেয়েছেন সুদর্শন। শুধু তা-ই নয়, অভিষেকও হয়েছে তাঁর।

এর আগে ভারতের হয়ে সাদা বলের ক্রিকেট খেলেছেন সুদর্শন। তিনটে এক দিনের ম্যাচ ও একটা টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এক দিনের কেরিয়ারে ১২৭ রান করেছেন। টি-টোয়েন্টিতে এখনও ব্যাট করার সুযোগ পাননি। তবে টেস্টে পাবেন। ভারতের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নামবেন তিনি। এখন দেখার এই সুযোগ সুদর্শন কাজে লাগাতে পারেন কি না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement