ICC T20 World Cup 2026

বিশ্বকাপের ফাইনালে কি নেই বিশ্বের এক নম্বর ব্যাটার, বোলারই? নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে কোন ১১ জনকে খেলাতে পারেন গম্ভীর

বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল। হার মানে ঘরের মাঠে স্বপ্নভঙ্গ। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশ নির্বাচন নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না গৌতম গম্ভীরেরা। দলে একটি পরিবর্তন হতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ০৮:৫৬
Share:

(বাঁ দিকে) অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তী (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আর একটা ম্যাচ। রবিবার অহমদাবাদে নিউ জ়িল্যান্ডকে হারালেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়বে ভারত। প্রথম দল হিসাবে পর পর দু’বার চ্যাম্পিয়ন হবেন সূর্যকুমার যাদবেরা। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিউ জ়িল্যান্ডের ব্যাটিং তান্ডব নিশ্চিত ভাবে উদ্বেগে রাখবে ভারতীয় শিবিরকে।

Advertisement

টিম সেইফার্ট-ফিন অ্যালেনের আগ্রাসী ব্যাটিংয়ের কথা মাথায় রেখে বিশ্বকাপ ফাইনালের প্রথম একাদশ নির্বাচন করছেন গৌতম গম্ভীর। দলের ব্যাটিং গভীরতা বৃদ্ধির কথা ভাবা হচ্ছে। ব্যাটিং গভীরতা ভাল হলে কী হবে পারে, তা ওয়াংখেড়েতে দেখিয়ে দিয়েছে ইংল্যান্ড। একই সঙ্গে ভারতীয় শিবিরকে ভাবতে হচ্ছে বোলিং আক্রমণের কথা। ফাইনালে ভারতের প্রথম একাদশে দু’টি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

ভারতের প্রথম চিন্তা ওপেনিং জুটি। বলা ভাল অভিষেক শর্মা। বিশ্বকাপ প্রায় শেষ হয়ে গেলেও ফর্মে ফিরতে পারলেন না টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচের পর তাঁর সঙ্গে আলাদা ভাবে কথা বলেন কোচ গম্ভীর। তাতেও লাভ কিছু হয়নি। অভিষেককে নিয়ে কোচ খুশি নন। ফাইনালের মতো ম্যাচে অভিষেককে খেলিয়ে আর ঝুঁকি নিতে চাইছেন না গম্ভীর। রান না পাওয়ায় অভিষেকের আত্মবিশ্বাসে ঘাটতি তৈরি হয়েছে। প্রভাব পড়ছে ফিল্ডিংয়ে। সহজ সহজ ক্যাচ ফেলছেন। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ম্যাচের দিন সকালে।

Advertisement

ভারতীয় শিবির সূত্রে খবর, ফাইনালে ওপেনিং জুটি বদল করবে ভারত। প্রথম একাদশ থেকে বাদ পড়তে চলেছেন অভিষেক। সঞ্জু স্যামসনের সঙ্গে ইনিংস শুরু করবেন ঈশান কিশন। দু’জনেই ফর্মে থাকায় প্রতিপক্ষকে চাপে ফেলা সহজ হতে পারে। ব্যাটিং অর্ডারের তিন নম্বরে থাকবেন তিলক বর্মা। চার নম্বর জায়গা নিয়ে কোনও প্রশ্ন নেই। অধিনায় সূর্যকুমার যাদব নামবেন। পাঁচ নম্বরে দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। ব্যাটিং অর্ডারের ছ’নম্বরে থাকবেন আর এক অলরাউন্ডার শিবম দুবে। বল হাতে ভরসা দিতে না পারলেও বিশ্বকাপে বেশ ভাল ব্যাট করছেন শিবম। ব্যাটিং অর্ডারের সাত নম্বরে দেখা যেতে পারে রিঙ্কু সিংহকে। শিবমের সঙ্গে কেকেআরের ব্যাটারকেও রাখা হবে ফিনিশার হিসাবে। বিশ্বকাপে খুব বেশি ব্যাটিংয়ের সুযোগ না পেলেও ভাল খেলেছেন। বাড়তি পাওনা রিঙ্কুর ফিল্ডিং। ব্যাটিং অর্ডারের আট নম্বরে নামবেন সহ-অধিনায়ক অক্ষর পটেল।

প্রথম একাদশের শেষ তিনটি জায়গা বিশেষজ্ঞ বোলারদের। এখানেই হতে পারে আসল পরিবর্তন। অভিষেকের মতো বরুণ চক্রবর্তীও ভারতীয় শিবিরকে উদ্বেগে রেখেছেন। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬৪ রান দিয়েছেন। তাঁর বলের রহস্য ধরে ফেলেছে নিউ জ়িল্যান্ড। বিশ্বকাপের আগে পাঁচ ম্যাচের সিরিজ়েই তা বোঝা গিয়েছিল। যদিও বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ১৩টি উইকেট নিয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের এক নম্বর বোলার। তা-ও তাঁকে ফাইনালের দল থেকে বাদ দেওয়া হতে পারে। তাঁর জায়গায় খেলতে পারেন কুলদীপ যাদব। ওয়াশিংটন সুন্দরের ব্যাটের হাত ভাল হলেও বিবেচিত হচ্ছে মূলত বোলিং। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অহমদাবাদের উইকেটে সাফল্য পাননি। তাই বরুণের জায়গায় সম্ভবত প্রথম একাদশে আসবেন কুলদীপ।

দুই জোরে বোলারের জায়গা নিয়ে সংশয় নেই। জসপ্রীত বুমরাহ এবং অর্শদীপ সিংহই খেলবেন ফাইনালে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement