M Chinnaswamy Stadium

আইপিএলে কোহলিদের ঘরের ম্যাচ নিয়ে অনিশ্চয়তা, কর্নাটক সরকার চিন্নাস্বামীতে ম্যাচ আয়োজনের অনুমতি দিলেও চুপ আরসিবি

এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ আয়োজন করতে হলে ত্রিপাক্ষিক বৈঠক এবং চুক্তির প্রয়োজন। কর্নাটক সরকার, কর্নাটক ক্রিকেট সংস্থা এবং আরসিবি কর্তৃপক্ষের মধ্যে চুক্তি হতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৪
Share:

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছে কর্নাটক সরকার। তবে বিরাট কোহলিদের হোম ম্যাচগুলি সেখানে হওয়া নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। আইপিএল কাছাকাছি চলে এলেও কর্নাটক ক্রিকেট সংস্থার সঙ্গে এখনও চুক্তি করেননি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কর্তৃপক্ষ।

Advertisement

গত বছর বেঙ্গালুরু আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্‌যাপনের আয়োজন হয়েছিল। সেই অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ১১ জনের। আহত হয়েছিলেন ৫৬ জন। তার পর নিরাপত্তার কারণে চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ আয়োজন করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কর্নাটক সরকার। তাতে ১৮ বছর পর আরসিবির ঘরের মাঠ পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়। কিছু দিন আগে কর্নাটক সরকার অবশ্য পরিস্থিতি খতিয়ে দেখে চিন্নাস্বামী স্টেডিয়ামে আবার আইপিএলের ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছে।

সরকার সবুজ সঙ্কেত দিলেও আরসিবি কর্তৃপক্ষ কিছু জানাননি। কর্নাটক ক্রিকেট সংস্থার এক কর্তা বলেছেন, ‘‘আরসিবি কর্তৃপক্ষের সঙ্গে আমাদের এখনও কথা হয়নি। চিন্নাস্বামী স্টেডিয়ামে রাজ্য সরকার আইপিএলের ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছে। স্টেডিয়ামের প্রয়োজনীয় সংস্কারের কাজও প্রায় শেষ। আইপিএল শুরুর আগেই সব কাজ শেষ হয়ে যাবে।’’ তিনি আরও বলেছেন, ‘‘পরিকাঠামো এবং নিরাপত্তা সংক্রান্ত কিছু পরিবর্তনের কথা বলেছিল রাজ্য সরকার। সেই কাজগুলো করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বিশেষজ্ঞ কমিটির পরামর্শ মতো কাজ হচ্ছে।’’

Advertisement

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত বারের ঘটনার পর চিন্নাস্বামীতে ম্যাচ আয়োজনের ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি আরসিবি কর্তৃপক্ষ। তাঁরা বিভিন্ন সম্ভাবনা খতিয়ে দেখছেন। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ আয়োজন করতে হলে ত্রিপাক্ষিক বৈঠক এবং চুক্তির প্রয়োজন। কর্নাটক সরকার, কর্নাটক ক্রিকেট সংস্থা এবং আরসিবি কর্তৃপক্ষের মধ্যে চুক্তি হতে হবে। আরসিবি কর্তৃপক্ষ এখনও যোগাযোগ না করায় তৈরি হয়েছে অনিশ্চয়তা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement