IPL 2026

পিছিয়ে যাচ্ছে আইপিএল! কবে শুরু প্রতিযোগিতা? ফাইনালই বা কবে? জানা গেল সম্ভাব্য তারিখ

আগে জানা গিয়েছিল, ২৬ মার্চ শুরু হবে এ বারের আইপিএল। কিন্তু এখন জানা গিয়েছে, সূচিতে বদল হতে চলেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৭
Share:

আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।

পিছিয়ে যাচ্ছে আইপিএল। ক্রিকেট ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’ সে কথাই জানিয়েছে। আগে জানা গিয়েছিল, ২৬ মার্চ শুরু হবে এ বারের আইপিএল। কিন্তু এখন জানা গিয়েছে, সূচিতে বদল হতে চলেছে। ২৬ মার্চের বদলে ২৮ মার্চ শুরু হবে প্রতিযোগিতা। ফাইনাল ৩১ মে। অর্থাৎ, দু’দিন পিছিয়ে যাচ্ছে আইপিএল। কিন্তু এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড কোনও ঘোষণা করেনি।

Advertisement

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি এখনও তৈরি হয়নি। জানা গিয়েছে, পরের সপ্তাহে বৈঠকে বসবেন আইপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্যেরা। সেখানেই সূচি তৈরি হতে পারে। সূচি তৈরিতে সমস্যা করছে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন। এ বছর পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও অসমে ভোট রয়েছে। কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠ ইডেন। চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ এমএ চিদম্বরম স্টেডিয়াম। গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের কয়েকটি ম্যাচ হতে পারে। সেই কারণেই ভাবনা-চিন্তা করতে হচ্ছে গভর্নিং কাউন্সিলকে।

২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার পর ২০০৯, ২০১৪, ২০১৯ ও ২০২৪ সালে লোকসভা নির্বাচনের সময়ও আইপিএলের সূচি বদলাতে হয়েছিল। কখনও ভোটের দিন দেখে সূচি, কখনও আবার দু’টি অর্ধে হয়েছিল প্রতিযোগিতা। এ বার কী সূচি হয় সে দিকে নজর রয়েছে ক্রিকেটপ্রেমীদের।

Advertisement

আইপিএলের উদ্বোধনী ম্যাচ কোথায় হবে তা নিয়েও সিদ্ধান্ত নিতে হবে গভর্নিং কাউন্সিলের সদস্যদের। সাধারণত, গত বারের বিজয়ী দলের মাঠে এ বারের প্রতিযোগিতা শুরু হয়। ফাইনালও সেখানেই হয়। কিন্তু গত বার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল জেতার পর উল্লাস চলাকালীন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় চাপে কর্নাটক ক্রিকেট সংস্থা। চিন্নাস্বামী স্টেডিয়ামে বেশ কিছু সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। সেখান থেকে কিছু ম্যাচ সরানো হবে কি না, তা নিয়েও আলোচনা হওয়ার কথা বৈঠকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement