ICC T20 World Cup 2026

ম্যাচের নায়ক হার্দিককে ভুলেই গেলেন গম্ভীর! অন্য এক জনের গলায় ম্যাচের সেরার পদক ঝুলিয়ে দিলেন কোচ

হার্দিক পাণ্ড্য ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেলেও তাঁর নাম মুখেও আনলেন না কোচ গৌতম গম্ভীর। নামিবিয়ার বিরুদ্ধে ভাল পারফরম্যান্সের জন্য প্রশংসায় ভরালেন ঈশান কিশনকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৮
Share:

গৌতম গম্ভীর। ছবি: এক্স।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার বিরুদ্ধে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন হার্দিক পাণ্ড্য। অথচ ভারতের সাজঘরে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার দেওয়া হল ঈশান কিশনকে। বৃহস্পতিবার খেলার পর হার্দিকের পুরস্কারই কি উইকেটরক্ষক-ব্যাটারকে দিয়ে দিলেন গৌতম গম্ভীর?

Advertisement

নামিবিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে ২৮ বলে ৫২ রানের ইনিংস খেলার পর বল হাতে ২১ রানে ২ উইকেট নেন হার্দিক। তাঁকে ম্যাচের সেরা ক্রিকেটার হিসাবে বেছে নেওয়া হয় খেলা শেষ হওয়ার পর। আইসিসির ধারাভাষ্যকারদের সঙ্গে মিলল না ভারতীয় শিবিরের মত। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হওয়ার পর সূর্যকুমার যাদবেরা সাজঘরে ফিরলে, সেরা ক্রিকেটারের পুরস্কার দেওয়া হয় ঈশানকে। ২৪ বলে ৬১ রান করা উইকেটরক্ষক-ব্যাটারের হাতে গম্ভীর তুলে দেন পদক।

সাজঘরে ক্রিকেটারেরা ফেরার পর গম্ভীর বলেন, ‘‘আমরা যে রকম ফল আশা করেছিলাম, তেমনই হয়েছে। সকলকে অভিনন্দন। ঈশান আমাদের দুর্দান্ত একটা শুরু দিয়েছে। খুব ভাল ব্যাট করেছে। আগ্রাসী মানসিকতা নিয়ে ব্যাট করেছে। সাহসী শট খেলেছে। আমরা ঠিক এ ভাবেই খেলতে চাই।’’ অন্য কারও কথা শোনা যায়নি কোচের মুখে।

Advertisement

তাঁর পর ভারতীয় দলের প্রধান ফিজিয়োথেরাপিস্ট কমলেশ জৈন বলেন, ‘‘ঈশান কঠোর পরিশ্রম করে এই জায়গায় এসেছে। মানসিক ভাবে এখন ও খুব শক্তিশালী। দু’বছর দলে ছিল না। কিন্তু ওর বিশ্বাস ছিল, দলে ফিরলে মাঠে নেমে ইমপ্যাক্ট তৈরি করতে পারবে। ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারবে। ঘরোয়া ক্রিকেটে দু’বছর ধরে পরিশ্রম করেছে। তার পর সুযোগ পেয়ে দারুণ ভাবে কাজে লাগাচ্ছে। সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে এই ম্যাচের ইমপ্যাক্ট প্লেয়ার ঈশান।’’ বক্তব্য শেষ করে তরুণ উইকেটরক্ষক-ব্যাটারের গলায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিশেষ পদক পরিয়ে দেন কমলেশ।

পারফরম্যান্সের স্বীকৃতি পেয়ে সকলকে ধন্যবাদ জানান ঈশান। সূর্যকুমার যাদব বলেন, ‘‘ঈশান তোকেও তো কিছু বলতে হবে। কিছু তো বল,’’ এর পর ঈশান বলেন, ‘‘তোমরা সবাই খুব ভাল খেলেছ। খুব ভাল খেলেছ।’’ সাজঘরের ছোট্ট অনুষ্ঠানের ভিডিয়ো ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে বিসিসিআই।

রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচ থাকার সময় ইমপ্যাক্ট প্লেয়ার পুরস্কার দেওয়া শুরু হয়। প্রতিটি ম্যাচের শেষে সামগ্রিক পারফরম্যান্স বিচার করে এক জনকে বিসিসিআইয়ের বিশেষ পদক দেওয়া হয়। বৃহস্পতিবারের ম্যাচে ঈশানকে ওই পুরস্কারের জন্য বেছে নিয়েছেন গম্ভীরেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement