Viral Video

চলন্ত অটোয় দাঁড়িয়ে রিল তৈরির হুজুগ, তরুণের ধাক্কায় বাইকের সামনে উল্টে পড়লেন সাইকেলচালক! ভাইরাল ভিডিয়ো

চলন্ত অটোর দরজায় দাঁড়িয়ে রিল বানাচ্ছিলেন এক তরুণ। তাঁর সঙ্গে ধাক্কা লেগে সাইকেল-সহ রাস্তার উপর উল্টে পড়লেন চালক। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ০৯:৫৫
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রিল বানানোর নেশায় আজকাল অনেকেই নানা কাণ্ড ঘটিয়ে বসেন। তা করতে অনেক সময় নিজে যেমন বিপদে পড়েন, তেমনই আশপাশের মানুষদেরও সমস্যায় পড়তে হয়। তেমনটাই হল এক সাইকেল চালকের সঙ্গে। চলন্ত অটোর দরজায় দাঁড়িয়ে রিল বানাচ্ছিলেন এক তরুণ। তাঁর সঙ্গে ধাক্কা লেগে সাইকেল-সহ রাস্তার উপর উল্টে পড়লেন চালক। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দিনের বেলা ব্রিজের উপর দিয়ে ছুটে চলেছে অজস্র গাড়ি। অধিকাংশ গাড়িই গতির সঙ্গে ছুটে চলেছে। সেই সময় সকলের নজর আটকে রইল এক তরুণের দিকে। দ্রুত গতিতে ছুটে চলা অটোর দরজায় দাঁড়িয়ে রয়েছেন তিনি। হাতে ধরে রয়েছেন একটি মোবাইল। সেই মোবাইলের ক্যামেরা উঁচিয়ে রিল বানাচ্ছেন সেই তরুণ। প্রাণের পরোয়া নেই। আশপাশে কেউ তাঁর দ্বারা সমস্যায় পড়ছেন কি না সে সবেরও চিন্তা নেই তরুণের। তিনি রিল তৈরির নেশায় মত্ত। খানিক এগোনোর পরই ঘটল অঘটন। সেই ব্রিজ দিয়েই সাইকেল চালিয়ে এগোচ্ছিলেন এক ব্যক্তি। অটোর আগেই ছিলেন তিনি। অটোর দরজায় দাঁড়িয়ে থাকা তরুণের সঙ্গে ধাক্কা লাগল সেই ব্যক্তির। সাইকেল নিয়ে ব্রিজের উপর লুটিয়ে পড়লেন তিনি। পিছনে আসা বাইকের চাকার সামনে পড়লেন সেই ব্যক্তি। বাইকটি থেমে যাওয়ায় একটুর জন্য প্রাণরক্ষা হল তাঁর। আশপাশের মানুষেরা ছুটে এলেন ওই ব্যক্তিকে তোলার জন্য। কিন্তু যার জন্য সাইকেল চালকের সঙ্গে এমনটা হল, তাঁকে সেই চত্বরে আর দেখা গেল না। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘ভাইরাইটার৩৭৫০’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে ৭৫৪ বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘রিল বানানোর নেশা আমাদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘বেপরোয়া রিল নির্মাতাদের জন্য সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement