Viral Video

প্রেমিকার সঙ্গে ঝামেলার জেরে ব্যস্ত স্টেশন চত্বরে কাটারি হাতে ‘দাদাগিরি’ তরুণের! ছাড় পেলেন না যাত্রীরাও

হাতে কাটারি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ। সেটি তুলে একটি মেয়েকে হুমকি দিচ্ছেন। যাত্রীরা কিছু বলতে গেলে তাঁদের দিকেও ধারালো অস্ত্রটি নিয়ে তেড়ে আসছেন তরুণ। ভয়ঙ্কর সেই দৃশ্যের ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ১৪:০৪
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ব্যস্ত স্টেশন চত্বর। যাত্রীদের আনাগোনা লেগেই রয়েছে। তার মধ্যেই দেখা গেল এক ভয়াল দৃশ্য। হাতে কাটারি নিয়ে ‘দাদাগিরি’ করতে দেখা গেল এক তরুণকে। একটি মেয়েকে হুমকি দিতেও দেখা গলে তাঁকে। যাত্রীরা কিছু বলতে চাইলে তাঁদের দিকেও ধারালো অস্ত্রটি নিয়ে তেড়ে গেলেন তরুণ। ভয়ঙ্কর সেই দৃশ্যের ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভিডিয়ো অনুসারে ঘটনাটি শনিবার ঘটেছে। মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ রেল টার্মিনাসের বাইরে এই দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়। তরুণের বয়স ২২ বছর বলে জানতে পারা গিয়েছে। কিন্তু তিনি প্রকাশ্যে হাতে কাটারি নিয়ে কেন ঘুরে বেড়াচ্ছিলেন তা জানতে পারা যায়নি। যাত্রীরা মুম্বইয়ের মাতা রামবাই অম্বেডকর মার্গ থানার পুলিশকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে আসেন। পুলিশকর্মীরা ওই তরুণকে তুলে নিয়ে যান। সেই ভিডিয়োও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। তরুণ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যস্ত স্টেশন চত্বরে কাটারি হাতে হাঁটছেন এক তরুণ। এক কোণে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। তিনিই হয়তো তরুণের সঙ্গী। তাঁর সঙ্গে ঝামেলা হয়েছে বলেই তরুণ রণমূর্তি ধারণ করেছেন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। তরুণীর চোখে-মুখে ভয়ের ছাপ স্পষ্ট। চত্বরে যাত্রীদের ভিড়। তাঁরাও তরুণের কাণ্ড দেখে আতঙ্কিত। তরুণ মেয়েটির দিকে কাটারি উঁচিয়ে নানা কথা বলে চলেছেন। কোনও যাত্রী সেই ঘটনার প্রতিবাদ করলে তরুণ সেই যাত্রীকেও কাটারি তুলে শাসাচ্ছেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

Advertisement

‘দ্যটুহাঙরিহগারস’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়ো দু’টি পোস্ট করা হয়েছে। ভিডিয়োগুলি ভাইরাল হয়েছে। প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়ো দু’টি। বহু নেটাগরিক প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়ো দু’টির মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘মুম্বই এখন নিরাপদ নয়।’’ বহু নেটাগরিক পুলিশের তৎক্ষণাৎ তরুণের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়টির প্রশংসা করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement