ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
অঙ্গনওয়াড়ি যেতে চাইছিল না খুদে। মায়ের কাছে বায়না জুড়েছিল। কান্নাকাটিও করছিল। সেই কারণে বিরক্ত হয়ে মা ছোট্ট মেয়ের বুকে লাথি মারলেন। ভয়ঙ্কর সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পানভেল জেলার নন্দগাও গ্রামের অঙ্গনওয়াড়ি সেন্টারে। সেই কারণে বহু সংবাদমাধ্যম সংস্থা থেকে মনে করা হয়েছে যে, সেখানকার অঙ্গনওয়াড়ি কর্মী শিশুটিকে মেরেছেন। কিন্তু পরে জানতে পারা গিয়েছে যে, সেখানকার কর্মী নয়, খোদ শিশুটির মা তাকে এ ভাবে মেরেছে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, বাচ্চা মেয়েটির বয়স ২ বছর। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর পানভেল সিটি পুলিশ ব্যাপারটি নিয়ে তদন্ত শুরু করে। তার পর তারা জানতে পারে যে বাচ্চা মেয়েটির মা-ই শিশুটির বুকে লাথি মেরেছেন। পুলিশ মাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। শিশুটি সুস্থ রয়েছে বলে জানতে পারা গিয়েছে। শিশুটির মা-ও সমাজমাধ্যমে ভিডিয়ো পোস্ট করে সন্তানের বুকে লাথি মারার জন্য ক্ষমাপ্রার্থনা করেছেন।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, অঙ্গনওয়াড়ি সেন্টারের সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছেন সন্তান-সহ মা। বাচ্চা মেয়েটি অনর্গল কেঁদে চলেছে। কারণ তার আজ অঙ্গনওয়াড়িতে আসার মন নেই। বাচ্চা মেয়েটির মায়ের পাশে দাঁড়িয়ে রয়েছে অপর একটি শিশু। সে তার বন্ধুর কীর্তি দেখে চলেছে। কিন্তু বন্ধুর দেখা পেয়েও শান্ত হল না খুদে। সে মায়ের কাছে বায়না করেই চলেছে বাড়ি যাওয়ার। তরুণী আর ধৈর্য ধরে রাখতে পারলেন না। শিশুটি কাঁদতে কাঁদতে সিঁড়ির উপর বসে গেল। আর ঠিক তখনই তরুণী পা তুলে সন্তানের বুকে একটা লাথি মারলেন। সেই আঘাতে ২ বছরের খুদেটি সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে গেল। তৎক্ষণাৎ এক তরুণী ভিতর থেকে বেরিয়ে আসেন। তিনি শিশুটিকে তোলার জন্য এগিয়ে যান। সেই ঘটনার ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
‘কপূরশনি’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকেরা বাচ্চা মেয়েটির মায়ের কঠোর শাস্তির আবেদন জানিয়েছেন।