অজিঙ্ক রাহানে। —ফাইল চিত্র।
শিরোনামে আবার ইডেনের উইকেট। গত বারের আইপিএলে ইডেনের পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন অজিঙ্ক রাহানে। এ বারও প্রথম ম্যাচে হারের পরেই পিচের প্রসঙ্গ তুললেন কেকেআর অধিনায়ক। তাঁর মতে, কেকেআরের ব্যাটিংয়ের সময় কিছুটা কঠিন হয়ে গিয়েছিল পিচ। অজুহাত দিচ্ছি না বলেও সেই অজুহাতই দিলেন তিনি।
যে পিচে সানরাইজার্স হায়দরাবাদ হাসতে হাসতে ২২৬ রান করল, সেই পিচেই ১৬.১ ওভারে ১৬১ রানে অল আউট হয়ে গেল কেকেআর। রাহানে নিজে ১০ বলে ৮ রান করেন। তাঁকে দেখে বোঝা যাচ্ছিল, ব্যাটে-বলে হচ্ছে না। খেলা শেষে রাহানেকে পিচ নিয়ে প্রশ্ন করা হয়। পিচে অতিরিক্ত ঘাস থাকায় কি খেলতে সমস্যা হচ্ছিল তাঁদের? জবাবে রাহানে বলেন, “আমরা মনে হয়েছে, দ্বিতীয় ইনিংসে বল পিচে পড়ে একটু থামছিল। প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় ইনিংসে মন্থর বল খেলা বেশ কঠিন হচ্ছিল। আমরা সেটা বুঝতে পারিনি। ভেবেছিলাম, দ্বিতীয় ইনিংসে ব্যাট করা সহজ হবে। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিং কঠিন হয়ে পড়ল। তবে অজুহাত দিচ্ছি না।” অজুহাত দিচ্ছি না বলে তো অজুহাতই দিলেন কেকেআর অধিনায়ক।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
পিচের প্রসঙ্গে অবশ্য রাহানে পাশে পেয়েছেন প্রতিপক্ষ অধিনায়ক ঈশান কিশনকে। ঈশানও জানিয়েছেন, পিচ খুব ভাল ছিল না। কিন্তু অভিষেক শর্মা ও ট্রেভিস হেড খুব ভাল শুরু দিয়েছেন। তার ফলেই তাঁরা বড় রান করতে পেরেছেন। ম্যাচে ৩ উইকেট নেওয়া জয়দেব উনাদকাটও জানিয়েছেন, ব্যাটারেরা তাঁদের বলছিলেন, পিচে দু’রকমের গতি রয়েছে। কোনও বল ব্যাটে ভাল আসছে। কোনও বল থামছে। তাই বল করার সময় গতির হেরফের করেছেন তাঁরা। তাতে সফল হয়েছেন।
পর পর দু’ম্যাচে বোলারেরা ২০০ রানের বেশি দিলেও হারের দায় ব্যাটারদের উপরেই চাপিয়েছেন রাহানে। তিনি বলেন, “বোলারেরা খেলায় ফিরিয়েছিল। রান তাড়া করার সময় তিন-চারটে জুটি হলে ছবিটা অন্য রকম হত। আমরা শুরুটা ভাল করেছিলাম। পাওয়ার প্লে-তে ৭৮ রান ছিল। কিন্তু মাঝের ওভারে পর পর উইকেট হারালাম। হায়দরাবাদের বোলারেরাও ভাল বল করেছে। গতির হেরফের করেছে। আমরা ভাল ব্যাট করতে পারিনি। তবে একটা ম্যাচে সেটা হতেই পারে। ব্যাট করার সময় আরও ইতিবাচক থাকতে হবে। আরও দায়িত্ব নিতে হবে ব্যাটারদের।”
দু’ম্যাচ হারার পরেই দলে বড় বদলের ইঙ্গিত দিয়েছেন রাহানে। তাঁর মতে, সেরা একাদশ বাছতে আরও ভাবনা-চিন্তা করতে হবে তাঁদের। রাহানে বলেন, “আমাদের বসে ভাবতে হবে সেরা একাদশ কী হবে। যদি একজন অতিরিক্ত ব্যাটার খেলানো যায়, তা হলে বোলিং আক্রমণে কী বদল করতে হবে, সেটাও ভাবতে হবে। দলে বদল হতে পারে। তবে এখনও ৩-৪ দিন আছে। তাই এখনই খুব বেশি ভাবছি না।” সোমবার ইডেনেই পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। সেই ম্যাচে তাদের প্রথম একাদশ কী থাকে সেটাই দেখার।