অজিঙ্ক রাহানে। —ফাইল চিত্র।
আগের ম্যাচে মরসুমের প্রথম জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। কিছুটা হলেও আত্মবিশ্বাস বেড়েছে অজিঙ্ক রাহানেদের। ছ’দিন বিশ্রামের পর রবিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে খেলতে নামবে কেকেআর। দ্বিতীয় জয়ের লক্ষ্যে রয়েছেন রাহানেরা। সেই ম্যাচে কেকেআরের প্রথম একাদশে জোড়া বদল হতে পারে। দুই নতুন বিদেশি খেলতে পারেন।
আগের ম্যাচে কেকেআরের প্রথম একাদশে একাধিক বদলের সম্ভাবনা ছিল। কিন্তু রাহানে জানিয়ে দেন, একটিও বদল হয়নি। তার খেসারতও দিতে হত। কিন্তু রিঙ্কু সিংহ ও অনুকূল রায়ের ব্যাটে জেতে কেকেআর। জয়ী দলে সাধারণত বদল হয় না। কিন্তু লখনউয়ের বিরুদ্ধে বদল হতে পারে দলে।
শুরুতে কেকেআরের ওপেনার হিসাবে খেলছিলেন ফিন অ্যালেন। তিনি লাগাতার ব্যর্থ হওয়ায় গত দু’টি ম্যাচে খেলানো হয় টিম সেইফার্টকে। তিনিও রান পাননি। ফলে এ বার লখনউয়ের বিরুদ্ধে খেলানো হতে পারে রাচিন রবীন্দ্রকে। তিনি ওপেনার হিসাবে খেলতে পারেন। আবার প্রয়োজনে তিন নম্বরেও নামতে পারেন। রাচিন থাকলে বল হাতেও চার ওভার পাবেন রাহানে। লখনউয়ের পিচে বোলারেরা সুবিধা পান। সেই সুবিধা কাজে লাগাতে পারেন রাচিন।
সেইফার্টের বদলে রাচিনকে খেলালে হয়তো শুরুতে রাহানের সঙ্গে দেখা যাবে সুনীল নারাইনকে। পিছনের দিকে নারাইনকে নামিয়ে বিশেষ লাভ হচ্ছে না। ব্যাটার নারাইনকে কাজে লাগাতে হলে শুরুতেই তাঁকে খেলাতে হবে। রবিবার সেই পরিকল্পনায় নামতে পারেন রাহানেরা। ২৫ কোটির ক্যামেরন গ্রিন অবশ্য খেলবেন। গত কয়েকটি ম্যাচে রানে ফিরেছেন তিনি। জিততে হলে তাঁর ফর্মে থাকা জরুরি রাহানেদের।
আইপিএলের শুরু থেকে মাথিশা পাথিরানাকে পায়নি কেকেআর। চোটে বাইরে ছিলেন শ্রীলঙ্কার পেসার। তাঁকে নিলামে ১৮ কোটি টাকা দিয়ে কিনেছিল কেকেআর। তখনই বোঝা গিয়েছিল, পাথিরানাকে ধারাবাহিক ভাবে খেলানো হবে। আগের ম্যাচের আগে পাথিরানা দলে যোগ দিলেও খেলানো হয়নি। রবিবার নামানো হতে পারে তাঁকে। তিনি খেলতে বাদ পড়বেন রভম্যান পাওয়েল। যে হেতু রাচিন থাকলে এক অলরাউন্ডার রাহানে পাবেন, তাই পাথিরানাকে খেলানোর সুযোগ থাকবে তাঁর।
বাকি দলে খুব একটা বদলের সম্ভাবনা নেই। রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, রিঙ্কু, অনুকূল, রমনদীপ সিংহদের নিয়েই নামবে কেকেআর। কার্তিক ত্যাগী, বরুণ চক্রবর্তী ও বৈভব অরোরাকেও দেখা যাবে দলে।
কেকেআরের সম্ভাব্য একাদশ— অজিঙ্ক রাহানে (অধিনায়ক), সুনীল নারাইন, রাচিন রবীন্দ্র, অঙ্গকৃশ রঘুবংশী, ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিংহ, রমনদীপ সিংহ, অনুকূল রায়, বরুণ চক্রবর্তী, কার্তিক ত্যাগী, বৈভব অরোরা, মাথিশা পাথিরানা (ইমপ্যাক্ট প্লেয়ার)।