(বাঁ দিকে) ডোয়েন ব্র্যাভো এবং অজিঙ্ক রাহানে (ডান দিকে)। ছবি: পিটিআই।
মরসুমের শুরুতেই বিতর্ক কলকাতা নাইট রাইডার্স শিবিরে। বিতর্কের কেন্দ্রে দলের মেন্টর ডোয়েন ব্র্যাভো। শুক্রবার দলের সাংবাদিক বৈঠক শুরুর আগে বেফাঁস মন্তব্য করে বসেন তিনি। কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও লাভ হয়নি। ব্র্যাভোর বেফাঁস মন্তব্য ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
ঘটনাটি সাংবাদিক বৈঠক শুরুর আগের। চেয়ারে বসার পর ব্র্যাভোকে বলতে শোনা যায়, ‘‘ওরা যখন আমাকে ফোন করেছিল, তখন আমার বাড়িতে দু’জন সঙ্গিনী ছিল।’’ সে সময় মাইক খোলা থাকায় তাঁর কথা সকলে শুনতে পান। কেকেআর মেন্টর সম্ভবত খেয়াল করেননি তাঁর সামনের মাইক্রোফোন খোলা ছিল। রাহানে সঙ্গে সঙ্গে ব্র্যাভোকে সতর্ক করেন। ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন অলরাউন্ডার হাসতে হাসতেই কথাটি বলেছিলেন দলের সহকারী কোচ শেন ওয়াটসনকে। ব্র্যাভো কোন প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন, তা অবশ্য জানা যায়নি।
তাঁর এই কথায় বিতর্ক তৈরি হয়েছে। কেকেআর মেন্টরের মন্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে। বিতর্ক তৈরি হওয়ায় কেকেআর কর্তৃপক্ষ সাংবাদিক বৈঠকের ওই অংশটি সমাজমাধ্যম থেকে সরিয়ে দিয়েছে। যদিও তাঁদের অস্বস্তি ঢাকার এই চেষ্টায় বিশেষ লাভ হয়নি। ব্র্যাভোর বিতর্কিত মন্তব্যের অংশ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ক্রিকেটপ্রেমীদের একাংশ তাঁর মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। দলের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।