Liam Livingstone

ইংল্যান্ড ক্রিকেটে গৃহযুদ্ধ! এক ফোনেই দল থেকে বাদ পড়ে কোচ-কর্তার বিরুদ্ধে সরব লিভিংস্টোন, সাহায্য চেয়েও পাননি ১৩ কোটির ক্রিকেটার

চাপ বেড়েছে ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালামের উপর। কোচ এবং কর্তা রব কি-র বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়েছেন লিয়াম লিভিংস্টোন। জানিয়েছেন, যে ভাবে বাদ পড়া ক্রিকেটারদের সঙ্গে ব্যবহার করা হয় তা খুবই খারাপ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৯:০৬
Share:

লিয়াম লিভিংস্টোন। ছবি: সমাজমাধ্যম।

অ্যাশেজ়ে লজ্জাজনক হার এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায়ের পর চাপ বেড়েছে ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালামের উপর। সেই চাপ আরও বাড়িয়ে দিলেন লিয়াম লিভিংস্টোন। কোচ এবং কর্তা রব কি-র বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়েছেন তিনি। লিভিংস্টোন জানিয়েছেন, যে ভাবে বাদ পড়া ক্রিকেটারদের সঙ্গে ব্যবহার করা হয় তা খুবই খারাপ।

Advertisement

দেশের হয়ে সব ফরম্যাট মিলিয়ে ১০০টি ম্যাচ খেলেছেন লিভিংস্টোন। প্রায় এক বছর ধরে কোনও দলে জায়গা পাননি। অদূর ভবিষ্যতে ডাক পাওয়ারও আশা নেই। কিন্তু দলের তরফে কোনও বার্তা না পাওয়া অবাক করেছে লিভিংস্টোনকে।

২০২৫-এ ভারত সফরে খারাপ খেলা এবং হতাশাজনক চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর ইংল্যান্ডের হয়ে খেলেননি লিভিংস্টোন। তার পর থেকেই বোর্ডের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে বলে জানিয়েছেন তিনি। তাঁর দাবি, এক ফোনেই তাঁকে বাদ দেওয়া হয়েছে।

Advertisement

লিভিংস্টোন বলেছেন, “আমার মনে হয় এক মিনিটেরও কম সময় ম্যাকালামের সঙ্গে কথা হয়েছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম কেন বাদ দেওয়া হচ্ছে। উনি বলেছিলেন, নতুন কাউকে খেলাতে চান। এটা তো বাজ়ের (ম্যাকালামের ডাকনাম) কথা বললাম। রাইটিও (বিদায়ী নির্বাচক লুক রাইট) কোনও কথা বলেনি। ব্রুকি (অধিনায়ক হ্যারি ব্রুক) মাত্র একটা বার্তা পাঠিয়েছিল।”

লিভিংস্টোন সবচেয়ে বেশি রেগে গিয়েছে রব কি-র উপর। প্রতিশ্রুতি দিয়েও কি কথা বলেননি। লিভিংস্টোনের কথায়, “রব বলেছিল, তোমার সঙ্গে কথা বলার চেয়ে ১০০টা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে আমার। এতেই দলের মনোভাব বোঝায়। বাদ পড়ার সময় রব কিছুই বলেনি। জানিয়েছিল, গরমকাল পড়লে কথা বলবে। আমি একদিন ওকে ফোন করেছিলাম। ও বলেছিল ব্যস্ত। তার পর থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত আমার সঙ্গে কোনও কথাই বলেনি।”

লিভিংস্টোনের সংযোজন, “আমি প্রচণ্ড ভাবে সাহায্যে চেয়েছিলাম। কোন কাজ ঠিক করছি না সেটা জানতে চাইছিলাম। কোনও তরফ থেকেই সাহায্য পাইনি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement