IPL 2026

লখনউকে জিতিয়েই সমালোচনার জবাব দিলেন ২৭ কোটির পন্থ, বলে দিলেন, ‘ব্যাটই আমার হয়ে কথা বলবে’

আইপিএলের প্রথম ম্যাচেই লখনউ হারার পর সমালোচিত হতে হয়েছিল তাঁকে। আঙুল উঠেছিল তাঁর ২৭ কোটি দামের দিকেও। দ্বিতীয় ম্যাচেই স্বমহিমায় ঋষভ পন্থ। লখনউ জেতার পরেই সমালোচকদের একহাত নিয়ে জানালেন, ব্যাটই তাঁর হয়ে কথা বলবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ২২:১৪
Share:

ঋষভ পন্থ। ছবি: পিটিআই।

আইপিএলের প্রথম ম্যাচেই লখনউ হারার পর সমালোচিত হতে হয়েছিল তাঁকে। আঙুল উঠেছিল তাঁর ২৭ কোটি দামের দিকেও। দ্বিতীয় ম্যাচেই স্বমহিমায় ঋষভ পন্থ। কার্যত একার হাতে হায়দরাবাদের বিরুদ্ধে লখনউ জেতার পরেই সমালোচকদের একহাত নিলেন পন্থ। জানালেন, ব্যাটই তাঁর হয়ে কথা বলবে।

Advertisement

ভারতের টি-টোয়েন্টি দলে দীর্ঘ দিনই সুযোগ পান না পন্থ। তাঁর স্ট্রাইক রেট নিয়েও আলোচনা হয় বিস্তর। তবে রবিবার পন্থের ব্যাটে দেখা গিয়েছে দায়িত্বশীল ইনিংস। চাপের মুখে ৫০ বলে ৬৮ রানে অপরাজিত থেকেছেন তিনি। শুরু থেকে শেষ পর্যন্ত খেলেছেন।

ম্যাচের পর পন্থ বলেন, “আমি জানতাম প্রস্তুতি ভাল নিচ্ছি। আমি চাই ব্যাটই আমার হয়ে কথা বলুক। সতীর্থেরা এবং দল পরিচালন সমিতি জানে আমি কতটা কঠোর পরিশ্রম করি। সেটাই আসল। আমি সমালোচনা নিয়ে কথাই বলতে চাই না।”

Advertisement

নিজের ফর্ম নিয়ে পন্থ জানিয়েছে, ধারাবাহিক ভাবে প্রস্তুতি নিয়েছেন। দলের প্রতি তিনি দায়বদ্ধ। পন্থের কথায়, “সব ভাল যার শেষ ভাল। আমরা সকলে সেটাই বলি। একই সঙ্গে নিজের দিকে আলাদা করে নজর থাকে আমার। আমি ভালই প্রস্তুতি নিচ্ছি এবং পুরো দায়বদ্ধতার সঙ্গে খেলছি।”

লখনউ অধিনায়কের মতে, তিনি যদি চাপের মুখে দলকে জেতাতে পারেন সেটা দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। পাশাপাশি বোলারদের প্রশংসাও করেছেন তিনি। বলেছেন, “বোলারদের কৃতিত্ব দিতেই হবে। ওদের জন্যই রাতটা সুন্দর হয়েছে আমাদের কাছে। শামি ভাই, আবেশ, রাঠি, প্রত্যেকে নিজেদের মতো করে অবদান রেখেছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement