ICC T20 World Cup 2026

ফর্মে ফেরা অভিষেকই এখন ‘স্যর’! উচ্ছ্বসিত যুবরাজ, ছাত্রকে কী পরামর্শ দিলেন কোচ

রান পাচ্ছিলেন না অভিষেক শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৫ রানের ইনিংসেও নড়বড়ে দেখিয়েছিল তাঁকে। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে অবশ্য চেনা আগ্রাসন দেখা গিয়েছে। ছাত্র রান পাওয়ায় খুশি যুবরাজ সিংহ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৭
Share:

(বাঁ দিকে) অভিষেক শর্মা এবং যুবরাজ সিংহ (ডান দিকে)। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন অভিষেক শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও করেন ১৫। প্রথম একাদশ থেকে বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। চাপ সামলে ঘুরে দাঁড়িয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে তাঁর ৩০ বলে ৫৫ রানের ইনিংসে দেখা দিয়েছে চেনা ঝলক। ছাত্রের খেলায় উচ্ছ্বসিত যুবরাজ সিংহ। সমাজমাধ্যমে অভিষেককে কুর্নিশ জানিয়েছেন তিনি।

Advertisement

অভিষেকের ব্যাটিংয়ের ছবি দিয়ে যুবরাজ লিখেছেন, ‘‘তুমি যখন ব্যাটকে সব কথা বলতে দাও, সেটাই সবচেয়ে ভাল হয়। দারুণ ইনিংস অভিষেক স্যর। এগিয়ে যাও।’’ ছাত্রের প্রশংসা করতে গিয়ে তাঁকে ‘স্যর’ বলে সম্বোধন করেছেন যুবরাজ। পরের ম্যাচগুলিতে একই ভাবে খেলার উৎসাহও দিয়েছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভাল ফলের জন্য অভিষেকের রান করা গুরুত্বপূর্ণ। আগামী রবিবার ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ম্যাচ কোয়ার্টার ফাইনালের মতো। জিতলে সেমিফাইনালে উঠবেন সূর্যকুমার যাদবেরা। হারলে বিশ্বকাপ থেকে ছিটকে যাবেন গত বারের চ্যাম্পিয়নেরা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার অভিষেক রান করায় স্বস্তি ফিরেছে ভারতীয় শিবিরে। যুবরাজও জানেন, অভিষেকের ফর্মে থাকা এখন কতটা গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আসল সময় ছাত্রকে চেনা মেজাজে ব্যাট করতে দেখে খুশি যুবরাজও। প্রশংসা করার পাশাপাশি পরের ম্যাচগুলিতে একই ভাবে খেলে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি।

Advertisement

অভিষেক এবং শুভমন গিলকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তৈরি করেছেন যুবরাজ। পঞ্জাবের দুই ক্রিকেটারকে প্রশিক্ষণ দিতে শুরু করার সময়ই ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বলে দিয়েছিলেন, রঞ্জি ট্রফি বা আইপিএল খেলার জন্য তিনি প্রশিক্ষণ দেবেন না। তৈরি করবেন দেশের হয়ে খেলার জন্য আন্তর্জাতিক ক্রিকেটের জন্য।

ফর্ম হারানোয় টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা হয়নি শুভমনের। অভিষেক দলে থাকলেও প্রথম তিন ম্যাচে রান পাননি। পেটের সমস্যার জন্য একটি ম্যাচ খেলতেও পারেননি। স্বভাবতই প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ সময়ে অভিষেক ফর্মে ফেরায় উচ্ছ্বাস গোপন করেননি যুবরাজ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement