IPL 2026

২১ বছর বয়সেই অবসর নিয়ে নেবে বৈভব! ভবিষ্যদ্বাণী প্রাক্তন ইংরেজ অধিনায়ক ভনের

এখনও ভারতের সিনিয়র দলে সুযোগ হয়নি বৈভব সূর্যবংশীর। এখন থেকেই বৈভবের অবসর নিয়ে আলোচনা শুরু হয়েছে। বড় দাবি করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ১৭:৪৮
Share:

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

মাইকেল ভন মনে করেন, আর ছ’বছর পরেই অবসর নিয়ে নেবে বৈভব সূর্যবংশী। সবে কেরিয়ার শুরু করেছে সে। অল্প সময়েই নজর কেড়েছে ১৫ বছরের ব্যাটার। ভারতের ভবিষ্যতের তারকা ধরা হচ্ছে তাকে। সেই ক্রিকেটারই নাকি আর ছ’বছর খেলবে। আইপিএলের মাঝেই বৈভবের অবসর নিয়ে দাবি করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ভন।

Advertisement

‘স্টিক টু ক্রিকেট’ নামের একটি পডকাস্টে এই কথা বলেন ভন। সেখানে ছিলেন ইংল্যান্ডের আরও তিন প্রাক্তন ক্রিকেটার অ্যালিস্টার কুক, ফিল টাফনেল ও ডেভিড লয়েড। সেখানে শুরুতে বৈভবের ব্যাটিংয়ের প্রশংসা করেন ভন। তিনি বলেন, “আইপিএলের দ্রুততম তিন শতরানের মধ্যে দুটোই ওর। ভাবা যায় না। বাচ্চা ছেলেটা ৩৫ ও ৩৬ বলে শতরান করেছে। ক্রিস গেলের সঙ্গে লড়াই করছে।”

চলতি আইপিএলে ছক্কা মারার রেকর্ড গড়ারও সম্ভাবনা রয়েছে বৈভবের। এক আইপিএলে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড রয়েছে অভিষেক শর্মার। সেই রেকর্ড ভাঙতে পারে বৈভব। ভন বলেন, “২০২৪ সালে অভিষেক ৪২টা ছক্কা মেরেছিল। বৈভব এখনই ৩৭টা মেরেছে। এখনও এতগুলো ম্যাচ বাকি। ও রেকর্ড গড়বে। এখন বৈভবের থেকে ভাল ছক্কা কেউ মারতে পারে না।”

Advertisement

সে কথা শুনেই ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার টাফনেল বলেন, “আমার মনে হয় ২১ বছর হতে হতে ও ক্লান্ত হয়ে পড়বে।” তখনই বৈভবের অবসরের কথা বলেন ভন। তিনি বলেন, “২১ বছর বয়সে ও এত টাকা কামিয়ে নেবে যে, অবসরও নিয়ে নিতে পারে।” ভনের কথা থেকে স্পষ্ট, মজা করেই এই কথা বলেছেন তিনি।

ভনের কথা শুনে চুপ থাকেননি কুক। তিনি বলেন, “না না, ও ক্লান্ত হবে না। কারণ, বৈভব তো ৩০ বল খেলে। তাতে কেন ক্লান্ত হবে।” চার প্রাক্তন ক্রিকেটারের কথা থেকে স্পষ্ট, বৈভব এখনই কতটা প্রভাব ফেলেছে।

ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতলেও এখনও সিনিয়র দলে অভিষেক হয়নি বৈভবের। তবে চলতি বছরই সেই সুযোগ পেতে পারে সে। আইপিএলের পর আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ় খেলতে পারে ভারত। সেই দলে খেলানো হতে পারে বৈভবকে। তেমনটা হলে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে সবচেয়ে কম বয়সে জাতীয় দলের জার্সি গায়ে চাপাবে বৈভব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement