IPL 2026

রবিবার কোহলিদের বিরুদ্ধে মুম্বইয়ের অধিনায়ক রোহিত! হার্দিক, সূর্যের অনুপস্থিতিতে উঠছে শর্মারই নাম

রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স । সেই ম্যাচে হার্দিক পাণ্ড্য বা সূর্যকুমার যাদবের খেলা নিয়ে ধোঁয়াশা ক্রমশ বাড়ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ১২:৩৮
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

প্রথমে জানা গিয়েছিল, হার্দিক পাণ্ড্য দলের সঙ্গে যাননি। এ বার জানা গিয়েছে, সূর্যকুমার যাদবও যাননি রায়পুরে। অর্থাৎ, রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক ও সহ-অধিনায়কের খেলা নিয়ে ধোঁয়াশা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে অধিনায়ক হিসাবে উঠে আসছে রোহিত শর্মার নাম।

Advertisement

রায়পুরে ম্যাচ খেলতে মুম্বইয়ের গোটা দল একসঙ্গে যায়নি। বিভিন্ন ভাগে গিয়েছে তারা। প্রথম ব্যাচের সঙ্গে যাওয়ার কথা ছিল হার্দিকের। তিনি যাননি। দ্বিতীয় ব্যাচের সঙ্গে যাওয়ার কথা ছিল সূর্যের। তিনিও যাননি। তাঁরা আদৌ রবিবারের আগে দলের সঙ্গে যোগ দেবেন কি না, তা-ও জানা যায়নি।

হার্দিক গত ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধেও খেলেননি। জানা গিয়েছে, তাঁর পিঠে ব্যথা রয়েছে। সেই কারণেই বিশ্রাম নিয়েছেন। হার্দিক না খেলায় লখনউয়ের বিরুদ্ধে অধিনায়কত্ব করেছিলেন সূর্যকুমার। সেই তিনিও বেঙ্গালুরু ম্যাচের আগে রায়পুরে যাননি। কেন যাননি, তা এখনও জানা যায়নি।

Advertisement

এই পরিস্থিতিতে মুম্বইয়ের অধিনায়ক হতে পারেন রোহিত। কিন্তু তিনি নিজেও চোট পেয়েছিলেন। বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি। লখনউয়ের বিরুদ্ধে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলেছিলেন। ভাল ব্যাট করেছিলেন। কিন্তু অধিনায়কত্ব করতে হলে টানা ২০ ওভার ফিল্ডিং করতে হবে রোহিতকে। সেই ফিটনেস এখন তাঁর রয়েছে কিনা জানা নেই।

শোনা যাচ্ছে, রবিবার সকাল পর্যন্ত রোহিতের জন্য অপেক্ষা করা হবে। তিনি যদি ফিটনেস টেস্ট পাশ করেন, তা হলে বেঙ্গালুরুর বিরুদ্ধে মুম্বইয়ের অধিনায়কের দায়িত্ব সামলাবেন রোহিত। আর পাশ করতে না পারলে অন্য নাম ভাবতে হবে মুম্বইকে। সে ক্ষেত্রে দায়িত্ব পেতে পারেন জসপ্রীত বুমরাহ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement