মহেন্দ্র সিংহ ধোনি। — ফাইল চিত্র।
ক্রিকেট ছাড়ার পর অনেককেই ধারাভাষ্য দিতে দেখা যায়। তবে মহেন্দ্র সিংহ ধোনিকে সেই রূপে দেখতে পাওয়ার সম্ভাবনা নেই। ভারতের প্রাক্তন অধিনায়ক জানিয়ে দিয়েছেন, ধারাভাষ্যকারদের কিছু কিছু মন্তব্য তিনি পছন্দ করেন না। তা ছাড়া ধারাভাষ্য দেওয়ার মতো দক্ষতাও তাঁর নেই। পাশাপাশি, ফোন ব্যবহার না করার কারণও জানিয়েছেন ধোনি।
এক ইউটিউব অনুষ্ঠানে ধোনি বলেছেন, “ধারাভাষ্য দেওয়া খুব কঠিন। আমার মনে হয়, খেলার বর্ণনা করা এবং তা করতে গিয়ে যারা খেলাটা খেলছে তাদের সমালোচনা করা, এর মাঝে একটা সূক্ষ্ম রেখা রয়েছে। অনেকেই সেটা বোঝে না। কী ভাবে খেলার বর্ণনা করবেন সেটাও এক শিল্প। খুব সাবধানে বর্ণনা করতে হবে, যাতে কারও না মনে হয় তাঁকে আক্রমণ করা হচ্ছে। যদি কোনও দল হারে তার নেপথ্যে নিশ্চয়ই কোনও কারণ থাকবে। কাউকে আঘাত না করে সেটা বর্ণনা করার দক্ষতা থাকা দরকার। এটাই ধারাভাষ্যের আসল শিল্প।”
ধোনি জানিয়েছেন, সংখ্যার সঙ্গে তাঁর যোগাযোগ সে ভাবে নেই। ফলে ধারাভাষ্যের বক্সে তাঁকে একেবারেই মানাবে না। ধোনির কথায়, “আমি পরিসংখ্যানে ভাল নই। অনেকেই আছেন যাঁদের কাছে পরিসংখ্যান ঠোঁটের গোড়ায় থাকে। ওঁরা সব জানেন। আমাকে নিজের পরিসংখ্যান জিজ্ঞাসা করলেই বলতে পারব না। তবে অনেকেই রয়েছেন যাঁরা শুধু ভারতীয় দল বা ভারতীয় ক্রিকেটারদের নয়, গোটা একটা যুগের সকলের পরিসংখ্যান জানেন।”
ক্রিকেটজীবন এবং তার পরে কখনওই ধোনিকে ফোন ব্যবহার করতে দেখা যায় না। সমাজমাধ্যম থেকেও শতহস্ত দূরে তিনি। ধোনি জানিয়েছেন, তিনি ভাল কথা বলতে পারেন না বলেই ফোন থেকে দূরে থাকতে ভালবাসেন। ধোনির কথায়, “আমি ভাল কথা বলতে পারি না। আমি উল্টো দিকে বসে লোকের কথা শুনতে ভালবাসি। ফোনে কথা বলতেও স্বচ্ছন্দ নই। কারণ উল্টো দিকের মানুষটার মুখ দেখতে পাই না। চেয়েছিলাম এই বিষয়টায় নজর দিতে। সে ভাবে পারিনি।”
ধোনির মতে, শুধু ফোন নয়, সামনাসামনিও তিনি বলার চেয়ে শুনতে বেশি ভালবাসেন। নিজেকে ‘ভাল শ্রোতা’ বলেও বর্ণনা করেছেন তিনি। ধোনির কথায়, “আমি পছন্দের মানুষদের সঙ্গে কথা বলি ঠিকই। কিন্তু শুনতে বেশি ভালবাসি। কোনও বিষয় না জানলে তা নিয়ে কথা বলতে ভালবাসি না। চুপ করে থাকলে অনেক কিছু জানা যায়।”