IPL 2026

ফিটনেস টেস্ট পাশ করেও দলে ফিরছেন না ধোনি! খেলবেন না গুজরাতের বিরুদ্ধেও, জানা গেল নেপথ্য কারণ

আপাতত সুস্থ তিনি। পাশ করেছেন ফিটনেস টেস্ট। তার পরেও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে নামছেন না মহেন্দ্র সিংহ ধোনি। নেপথ্যে রয়েছে এক কারণ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ২২:৫১
Share:

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

চলতি মরসুমে এখনও পর্যন্ত মাঠে নামেননি মহেন্দ্র সিংহ ধোনি। শুরুতে চোটে ছিলেন। সেই চোট সেরেছে। পাশ করেছেন ফিটনেস টেস্টও। তার পরেও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে নামছেন না তিনি। ধোনির এই সিদ্ধান্তের নেপথ্যে একটি বিশেষ কারণ রয়েছে।

Advertisement

ধোনির খেলতে এখন কোনও বাধা নেই। পুরো অনুশীলন করছেন। দলের সঙ্গে সব জায়গায় যাচ্ছেন। কিন্তু ম্যাচে নামছেন না। রবিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ চেন্নাই সুপার কিংসের। সেই ম্যাচেও হয়তো ধোনি খেলবেন না। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, ধোনি চাইছেন না, তাঁর জন্য দলের ভারসাম্যের ক্ষতি হোক। তাই খেলছেন না তিনি।

শনিবার চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং অবশ্য জানিয়েছেন, ধোনির দিকে তাঁরা নজর রেখেছেন। ফ্লেমিং বলেন, “ধোনি সুস্থ হয়ে উঠছে। ওকে যা করতে বলা হচ্ছে, সেটা করছে। ওর দিকে আমরা নজর রেখেছি। আশা করছি, ধোনি তাড়াতাড়ি মাঠে নামবে।”

Advertisement

তবে সূত্রের খবর, ধোনির খেলতে কোনও সমস্যা নেই। নইলে ফিটনেস টেস্ট পাশ করতে পারতেন না তিনি। গত কয়েকটি ম্যাচে চেন্নাই ছন্দে ফিরেছে। ম্যাচ জিতছে। তরুণ ক্রিকেটারেরা ভাল খেলছেন। সঞ্জু স্যামসন থাকায় উইকেটরক্ষকের সমস্যাও নেই। এই পরিস্থিতিতে ধোনিকে দলে ঢোকাতে হলে কাউকে বাইরে বসাতে হবে। সেটাই চাইছেন না ধোনি।

আপাতত সাত ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে চেন্নাই। তাদের প্লে-অফে ওঠার সুযোগ রয়েছে। তার জন্য পরের সাত ম্যাচের মধ্যে পাঁচটা জিততে হবে। একই দল খেললে বোঝাপড়া ভাল হয়। ধোনি চাইছেন না দলের ছন্দ নষ্ট করতে। তাই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement