মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।
মাঠে না নেমেও আলোচনায় মহেন্দ্র সিংহ ধোনি। চেন্নাই সুপার কিংসের হয়ে এ বারের আইপিএলে এখনও পর্যন্ত মাঠে নামেননি তিনি। কিন্তু এখনও যে তাঁর নির্দেশই শেষ কথা, তা পরিষ্কার বোঝা গেল। ধোনির নির্দেশ মানতে হল ক্যামেরাম্যানকেও।
সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, এমএ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের এক সাপোর্ট স্টাফের পাশে হাঁটছেন ধোনি। তাঁদের পিছন থেকে ভিডিয়ো করছেন এক ক্যামেরাম্যান। তিনি শুধু ধোনির ভিডিয়ো করতে চাইছিলেন। তাই সেই সাপোর্ট স্টাফকে সরতে বলেন ক্যামেরাম্যান। সে কথা শুনে সরেও যান সাপোর্ট স্টাফ।
ধোনিও ক্যামেরাম্যানের কথা শুনতে পান। তিনি সঙ্গে সঙ্গে সেই সাপোর্ট স্টাফকে বলেন, “এখানেও থাকো। একদম সরবে না। কারও কথা শুনবে না।” এ কথা বলে সেই সাপোর্ট স্টাফের কাঁধে হাত দিয়ে হাঁটা শুরু করেন ধোনি। ফলে বাধ্য হয়ে দু’জনেরই ভিডিয়ো করতে হয় ক্যামেরাম্যানকে। ধোনির সেই কাজের প্রশংসা করেছেন ভক্তেরা।
এই বছর ধোনির আরও একটি কাজের প্রশংসা হয়েছে। সানরাইজ়ার্স হায়দরাবাদের ঘরের মাঠে খেলতে গিয়ে মাঠকর্মীদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। মাঠকর্মীদের জড়িয়ে ধরেন। তাঁদের সঙ্গে ছবি তোলেন। অর্থাৎ, খেলতে না নেমেও নিজের কাজে সকলের মন জিতে চলেছেন ধোনি।
দ্রুত সুস্থ হয়ে উঠছেন ধোনি। তবে এখনও ম্যাচ খেলার মতো পরিস্থিতিতে নেই তিনি। তাঁকে দ্রুত মাঠে ফেরানোর চেষ্টা করছেন চিকিৎসকেরা। চেন্নাইয়ের আশা, আগামী কিছু ম্যাচের মধ্যে ধোনিকে মাঠে দেখা যাবে। চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি বলেন, ‘‘ধোনি এখন দৌড়তে পারছে। তবে গতি আরও বাড়াতে হবে। চেষ্টা করছে। কারণ ধোনিকে ইনিংসের শেষ দিকে ব্যাট করতে হবে। ব্যাটিং অর্ডারের উপরের দিকে ও থাকবে না, এটা নিশ্চিত। শেষ দিকে খুচরো রান নিতে হয়। তাই ঠিক মতো দৌড়োনোর বিষয়টা নিশ্চিত করা দরকার।’’ হাসি আরও বলেন, ‘‘প্রয়োজনীয় গতিতে দৌড়োতে পারছে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ। ধোনি যখন এ ব্যাপারে আত্মবিশ্বাস পাবে, তখনই খেলানোর কথা ভাবা যেতে পারে। জানি না, ধোনি কবে থেকে খেলতে পারবে। আশা করব যতটা সময় লাগবে বলে মনে হচ্ছে, তার আগেই ধোনি ম্যাচ খেলতে পারবে।’’