—প্রতীকী চিত্র।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বার্ষিক পুরস্কার পাচ্ছেন বেশ কয়েক জন তরুণ। বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের জন্য তাঁদের পুরস্কৃত করছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেটে সেরা রাজ্য সংস্থা হিসাবে আবারও পুরস্কৃত হচ্ছে মুম্বই। রবিবার সন্ধ্যায় সকলের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
মহিলাদের ঘরোয়া ক্রিকেটে সেরা পারফরম্যান্সের জন্য জগমোহন ডালমিয়া ট্রফি পাচ্ছেন মুম্বইয়ের ইরা যাদব। ইরার মতো একই পুরস্কার পাচ্ছেন হরিয়ানার শেফালি বর্মা। তাঁকে ঘরোয়া এক দিনের ক্রিকেটে সেরা পারফরম্যান্সের জন্য জগমোহন ডালমিয়া ট্রফি দেওয়া হচ্ছে। পুরুষদের ঘরোয়া সাদা বলের ক্রিকেটে সেরা অলরাউন্ডারের লালা অমরনাথ পুরস্কার দেওয়া হচ্ছে মুম্বইয়ের আয়ুষ মাত্রেকে। রঞ্জি ট্রফিতে সেরা অলরাউন্ডারের পুরস্কার পাচ্ছেন বিদর্ভের হর্ষ দুবে।
এ বার বিসিসিআই জীবনকৃতি সম্মানে সম্মানিত করছে রাহুল দ্রাবিড় এবং মিতালি রাজকে। জীবনকৃতি সম্মান পাচ্ছেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি রজার বিন্নীও। দ্বিতীয় বার সেরা আন্তর্জাতিক পুরুষ ক্রিকেটারের পলি উমরিগড় পুরস্কার পাচ্ছেন শুভমন গিল। মহিলা বিভাগে এই পুরস্কার জিতেছেন স্মৃতি মন্ধানা। তিনি পঞ্চম বার এই পুরস্কার পাচ্ছেন।
সেরা রাজ্য সংস্থা মুম্বই। সব মিলিয়ে চারটি ঘরোয়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই। এ ছাড়াও দু’টি প্রতিযোগিতায় রানার্স হয়েছে তারা। ভারতীয় ক্রিকেটে শ্রেষ্ঠত্বের শিরোপা ধরে রাখল মুম্বই। উল্লেখ্য, সব পুরস্কারই দেওয়া হচ্ছে ২০২৪-২৫ মরসুমের জন্য।