এনসিসি-র পরিচালনায় শুরু হচ্ছে বেবি লিগ ক্রিকেট, সহযোগিতায় সম্বরণ ক্রিকেট অ্যাকাডেমি

প্রতিযোগিতার উদ্দেশ্য, ক্রিকেট প্রতিভা তুলে আনা। মোট ২৪টি দল নিয়ে ১৮ মার্চ, বুধবার থেকে শুরু হবে প্রতিযোগিতা। চলবে ২৫ মার্চ পর্যন্ত।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১৯:৫০
Share:

বেবি লিগ ক্রিকেটের সূচনায় সিএবি-র প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া, বাংলার রঞ্জিজয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়, ন্যাশনাল ক্রিকেট ক্লাবের সভাপতি পবন ভালোটিয়া। ছবি: সংগৃহীত।

শুরু হচ্ছে এনসিসি বেবি লিগ ক্রিকেট প্রতিযোগিতা। ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমোদিত সংস্থা ন্যাশনাল ক্রিকেট ক্লাব (এনসিসি) এবং মেনল্যান্ড সম্বরণ অ্যাকাডেমির উপস্থাপনায় হচ্ছে এই প্রতিযোগিতা। ‘কিডস অন‌ জি ফাইভ’ মূল স্পনসর।

Advertisement

এই প্রতিযোগিতার উদ্দেশ্য, ক্রিকেট প্রতিভা তুলে আনা। মোট ২৪টি দল নিয়ে ১৮ মার্চ, বুধবার থেকে শুরু হবে প্রতিযোগিতা। চলবে ২৫ মার্চ পর্যন্ত। প্রতিটি ইনিংস ১০ ওভারের। ১১ জন ব্যাট করতে পারবে। ১০ জন বোলার ব্যবহার করা যাবে। এক জন বোলার সর্বাধিক ২ ওভার করতে পারবে। ইনিংসের মাঝে স্ট্র্যাটেজিক টাইম আউট থাকবে। সেই সময় কোচেরা সরাসরি দলকে পরামর্শ দিতে পারবেন। সাদা সিন্থেটিক বল এবং রঙিন পোশাকে খেলা হবে। ফিল্ডিংয়ের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকছে। ১১ গজের বৃত্তের মধ্যে উইকেটকিপার এবং স্লিপ ফিল্ডার ছাড়া আর কাউকে ক্যাচিং পজিশনে রাখা যাবে না। বেবি লিগ যাঁর মস্তিষ্কপ্রসূত, সিএবির প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া বলেন, “তরুণ ক্রিকেটারদের কোচিংয়ের অনেক সময় এবং সুযোগ থাকলেও তারা ম্যাচ খেলার তেমন সুযোগ পায় না। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা এমন একটি মঞ্চ তৈরি করতে চাইছি, যেখানে খুদেরা প্রতিযোগিতামূলক ক্রিকেট উপভোগ করতে পারবে, ম্যাচের চাপ সামলাতে শিখবে এবং ক্রিকেটের প্রতি তাদের ভালবাসা তৈরি হবে।”

মেনল্যান্ড সম্বরণ ক্রিকেট অ্যাকাডেমির কর্ণধার এবং বাংলার রঞ্জিজয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায় বলেন, “অল্প বয়সে ম্যাচ খেলার অভিজ্ঞতা একজন খেলোয়াড়ের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনসিসি বেবি লিগ শিশুদের জন্য সেই অর্থে এক অসাধারণ সুযোগ। খুদে ক্রিকেটারেরা আত্মবিশ্বাস গড়ে তুলতে শিখবে এবং দলগত পরিবেশে পারফর্ম করতে শিখবে।” অনুষ্ঠানে ছিলেন ন্যাশনাল ক্রিকেট ক্লাবের সভাপতি পবন ভালোটিয়া।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement