রাজস্থান রয়্যালস দল এবং লক্ষ্মী মিত্তল। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
আইপিএলের মাঝেই বিক্রি হয়ে গেল রাজস্থান রয়্যালস। প্রথম বার আইপিএলজয়ী দলের মালিকানা কিনে নিলেন অনাবাসী ভারতীয় শিল্পপতি লক্ষ্মী মিত্তল। রবিবার চুক্তির কথা সরকারি ভাবে ঘোষণা করেছেন মিত্তল।
রাজস্থানের মালিকানা মিত্তল পরিবার একক ভাবে কেনেনি। একটি কনসার্টিয়াম তৈরি করে আইপিএলের দলটির মালিকানা নিয়েছে ভারতীয় শিল্পগোষ্ঠী। সিংহভাগ অংশীদারিত্ব অবশ্য নিজেদের হাতে রেখেছে তারা। রাজস্থানের নতুন অংশীদারদের মধ্যে রয়েছেন সেরাম ইন্সস্টিটিউট অফ ইন্ডিয়ার কর্ণধার আদার পুনাওয়ালা এবং প্রাক্তন মালিক গোষ্ঠীর বৃহত্তম অংশীদার মনোজ বাদালে। ১.৬৫ বিলিয়ন ডলার বা প্রায় ১৫,৬৬০ কোটি টাকায় রাজস্থানের মালিকানা হস্তান্তর হয়েছে। রাজস্থান কেনার দৌড়ে ছিল আমেরিকার ব্যবসায়ী কাল সোমানির নেতৃত্বাধীন কনসার্টিয়ামও। ওই কনসার্টিয়ামে ছিলেন ওয়ালমার্টের কর্ণধার রব ওয়ালটন এবং ফোর্ড গোষ্ঠীর কর্ণধার হ্যাম্প পরিবার। স্বাভাবিক ভাবেই মিত্তলের ঘোষণা কিছুটা হলেও বিস্ময় তৈরি করেছে ক্রিকেটমহলে।
রাজস্থানের নতুন মালিক গোষ্ঠীর মধ্যে সবচেয়ে বেশি প্রায় ৭৫ শতাংশ অংশীদারিত্ব থাকছে মিত্তলের। পুনাওয়ালার অংশীদারিত্বের পরিমাণ ১৮ শতাংশ। বাকি ৭ শতাংশ অংশীদারিত্ব বাদালে-সহ কয়েক জনের। এত দিন পর্যন্ত বাদালের হাতেই দলের সবচেয়ে বেশি অংশীদারিত্ব ছিল। রাজস্থানের নতুন মালিক গোষ্ঠী বিবৃতি দিয়ে বলেছে, ‘‘মনোজ বাদালে রাজস্থান রয়্যালসের সঙ্গেই থাকছেন। দলের প্রতি তাঁর সমর্থন অব্যাহত থাকবে। প্রাক্তন মালিক গোষ্ঠী এবং বর্তমান মালিক গোষ্ঠীর মধ্যে সেতুর কাজ করবেন তিনি। আইপিএল নিয়ে তাঁর গভীর জ্ঞান এবং অভিজ্ঞতা দলকে উপকৃত করবে।’’
আইপিএল ছাড়াও রাজস্থানের দল রয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ এবং এসএ টি২০-তে। বার্বাডোজ রয়্যালস এবং পার্ল রয়্যালসের মালিকানাও থাকবে মিত্তল নেতৃত্বাধীন কনসার্টিয়ামের হাতে। মিত্তল গোষ্ঠীর পক্ষে ক্রিকেটদলগুলির দেখভাল করবেন আদিত্য মিত্তল এবং ভানিশা মিত্তল ভাটিয়া। মিত্তল বলেছেন, ‘‘আমার পরিবার রাজস্থানের। তাই রাজস্থান রয়্যালস ছাড়া আইপিএলের অন্য কোনও দলের অংশ হতে চাইনি। স্কুলে পড়ার সময় প্রথম ক্রিকেট খেলি। তখন থেকেই আমি ক্রিকেটের ভক্ত। অনেক বড় বড় খেলোয়াড় রাজস্থান রয়্যালসের জার্সি পরেছেন। তাঁদের মধ্যে ভারতীয় ক্রিকেটের কয়েক জন কিংবদন্তিও রয়েছেন। তাঁরা এখনও তরুণদের অনুপ্রেরণা। দুর্দান্ত এই দলটির সঙ্গে যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। সমর্থকদের সঙ্গে মিলেমিশে ভবিষ্যতের সাফল্য উপভোগ করতে চাই।’’
অন্য দিকে পুনাওয়ালা বলেছেন, ‘‘এই বিনিয়োগে আদিত্য মিত্তলের সহযোগী হতে পেরে আমি গর্বিত। আইপিএলের অন্যতম সেরা দল রাজস্থান রয়্যালস। দলটার ঐতিহ্যও দুর্দান্ত। এমন একটা দলকে ভবিষ্যতে আরও সাফল্য এনে দিতে চাই।’’
রাজস্থান রয়্যালসের সফল হস্তান্তরে খুশি বাদালে। তিনি বলেছেন, ‘‘মিত্তল পরিবার এবং আদার পুনাওয়ালাকে রাজস্থান রয়্যালসের নতুন কর্ণধার হিসাবে স্বাগত জানাতে পেরে আমি উচ্ছ্বসিত। ক্রিকেটের প্রতি ওঁদের ভালবাসা, রাজস্থান এবং ভারতের প্রতি টান দেখে আমি অভিভূত। ফ্র্যাঞ্চাইজ়ির নতুন অধ্যায় শুরু হতে চলেছে। ওঁদের দীর্ঘ পরিকল্পনা এবং দলকে নতুন স্তরে পৌঁছে দেওয়ার ইচ্ছা রয়েছে। আশা করি আমাদের একনিষ্ঠ সমর্থকেরাও পাশে থাকবেন।’’