IPL 2026

আইপিএলের দলগুলির ক্ষতি ৫৮ কোটি টাকা! শুধু কেকেআরের জলে গিয়েছে ৩১ কোটির বেশি, কী ভাবে, জানা গেল কারণ

নিলামে যে পরিকল্পনা করে দল তৈরি করেছিল ফ্র্যাঞ্চাইজ়িগুলি, সেই দল নিয়ে খেলতে পারছে না কেউই। চোট-আঘাত বা নাম প্রত্যাহার বা অন্য কারণে আইপিএল খেলছেন না বেশ কয়েক জন ক্রিকেটার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১২:৫৪
Share:

শাহরুখ খান। —ফাইল চিত্র।

আইপিএলের ৫১টি ম্যাচ হয়ে গিয়েছে শুক্রবার। কোনও দলই ধারাবাহিক ভাবে ভাল খেলতে পারছে না। প্রথম দিকে টানা জিততে থাকা পঞ্জাব কিংস শেষ তিনটি ম্যাচ হেরেছে। আবার শুরুর দিকে টানা হারতে থাকা কলকাতা নাইট রাইডার্স টানা চারটি ম্যাচে জয় পেয়েছে। ১০টি দলের মধ্যে সাতটি দল রয়েছে প্লেঅফে ওঠার দৌড়ে। সব দলেরই জলে গিয়েছে কিছু টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শাহরুখ খানের কেকেআর।

Advertisement

নিলামে যে পরিকল্পনা করে দল তৈরি করেছিল ফ্র্যাঞ্চাইজ়িগুলি, সেই দল নিয়ে খেলতে পারছে না কেউই। চোট-আঘাত বা নাম প্রত্যাহার বা অন্য কারণে আইপিএল খেলছেন না বেশ কয়েক জন ক্রিকেটার। কেউ কেউ দলে থাকলেও ফিটনেসের সমস্যা থাকায় মাঠে নামতে পারছেন না। ফলে তাঁদের উপর বিনিয়োগ করা টাকা আদতে কাজে লাগছে না দলগুলির। যে ক্রিকেটারদের পাওয়া যাচ্ছে না, তাঁদের মোট মূল্য ৫৭ কোটি ৬০ লাখ টাকা। এই হিসাবে কেকেআরের ক্ষতি সবচেয়ে বেশি।

আইপিএলের গত নিলামের সময় ৬৪ কোটি ৩০ লাখ টাকা ছিল কেকেআর কর্তৃপক্ষের কাছে। বেঙ্কি মাইসোরেরা তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেলে ভারসাম্যযুক্ত দল তৈরি করেছিলেন। ব্যাটিং এবং বোলিংয়েও ভারসাম্য রাখার চেষ্টা করেছিলেন। অথচ আইপিএল শুরুর আগে থেকেই একের পর এক ধাক্কা খেয়েছে কেকেআর। ভারত-বাংলাদেশ রাজনৈতিক সম্পর্কের জটিলতার কারণে দল থেকে বাদ দিতে হয়েছিল মুস্তাফিজুর রহমানকে। বাংলাদেশের জোরে বোলারকে ৯ কোটি ২০ লাখ টাকায় কিনেছিল কেকেআর। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পায়ের লিগামেন্টে চোট পেয়ে ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। ভারতীয় দলের বোলারকে ৪ কোটি টাকায় ধরে রেখেছিল কেকেআর। আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় চোট পান মাথিশা পাথিরানা। শ্রীলঙ্কার বোলারকে ১৮ কোটি টাকায় নেওয়া হয়েছিল। চোট সারিয়ে দলের সঙ্গে যোগ দিলেও এখনও ম্যাচ খেলেননি তিনি। অর্থাৎ কেকেআরের ৩১ কোটি ২০ লাখ টাকার পরিকল্পনা জলে গিয়েছে।

Advertisement

রাজস্থান রয়্যালস যেমন পাচ্ছে না স্যাম কারেনকে। তাঁকে ২ কোটি ৪০ লাখ টাকায় কেনা হয়েছিল চেন্নাই সুপার কিংস থেকে। বিভিন্ন কারণে চেন্নাই পাচ্ছে না খলিল আহমেদ, নাথান এলিস এবং আয়ুষ মাত্রেকে। তাঁদের সম্মিলিত মূল্য সাড়ে ৬ কোটি টাকা। ধাক্কা খেয়েছে মুম্বই ইন্ডিয়ান্সও। চোটের জন্য আইপিএলের সব ম্যাচে পাওয়া যায়নি রোহিত শর্মা, উইল জ্যাকস এবং মিচেল স্যান্টনারকে। অথচ তিন জনই বিশ্বের প্রথম সারির ক্রিকেটার। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হেজ়লউড, ক্যামেরন গ্রিনদের গোটা প্রতিযোগিতায় ১০০ শতাংশ ফিট অবস্থায় পাওয়া যায়নি। আবার লখনউ সুপার জায়ান্টস যেমন ১ কোটির আকাশ দীপকে এ বার খেলাতে পারল না চোটের জন্য। দিল্লি ক্যাপিটালস ২ কোটি টাকায় কিনেছিল বেন ডাকেটকে। প্রতিযোগিতা শুরুর আগেই নাম প্রত্যাহার করে নেন ইংল্যান্ডের ক্রিকেটার। যে পরিকল্পনা নিয়ে ফ্র্যাঞ্চাইজ়িগুলি খরচ করেছিল, তার ১০০ শতাংশ কাজে লাগাতে পারেনি কেউই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement