টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দল। ছবি: পিটিআই।
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার পর আপাতত ভারতীয় ক্রিকেটারেরা আড়াই মাস ব্যস্ত থাকবেন আইপিএল নিয়ে। সেই প্রতিযোগিতা মিটলেই অপেক্ষা করে রয়েছে ঠাসা সূচি। টেস্ট, এক দিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টি— তিন ফরম্যাটেই প্রচুর ম্যাচ রয়েছে। এমনকি, একই সময়ে ভারতের দু’টি আলাদা দল দু’টি আলাদা প্রতিযোগিতাতেও খেলতে পারে!
যে সূচি আগে থেকে তৈরি রয়েছে, তার সঙ্গে আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা এবং জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ় যুক্ত হতে পারে। এ ছাড়া ইংল্যান্ড, বাংলাদেশ, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সূচি আগেই ঘোষিত। জুলাই-আগস্টে শ্রীলঙ্কার মাটিতে দু’টি টেস্ট খেলবে ভারতীয় দল। এ ছাড়া অতিরিক্ত তিনটি টি-টোয়েন্টি ম্যাচও হতে পারে। গত নভেম্বরে ঘূর্ণিঝড় দিটওয়ায় বিধ্বস্ত হয়েছিল শ্রীলঙ্কা। আক্রান্তদের সাহায্যার্থে অর্থ তোলার জন্য ভারতকে তিনটি টি-টোয়েন্টি খেলার অনুরোধ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।
ভারতের সূচি শুরু হচ্ছে জুনে দেশের মাটিতে আফগানিস্তান সিরিজ় দিয়ে। একটি টেস্ট এবং তিনটি এক দিনের ম্যাচ হবে। এর পর ১-১৯ জুলাই ইংল্যান্ড সফরে যাবে ভারতে। সেখানে তিনটি এক দিনের ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে তারা। তার আগে জুনের শেষে আয়ারল্যান্ডে ছোট সফর হতে পারে। অতীতে (২০১৮, ২০২২, ২০২৩) আয়ারল্যান্ড বোর্ডের অনুরোধে সে দেশে গিয়ে সিরিজ় খেলেছে ভারত। এ বারও আলোচনা চলছে একটি সিরিজ় খেলার।
শ্রীলঙ্কা সিরিজ়ের পরের সূচি তৈরি করতে গিয়ে ভারতীয় বোর্ডের মাথার ঘাম পায়ে ফেলার জোগাড়। সেপ্টেম্বরে আমিরশাহিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। ওই মাসটি ভারতীয় ক্রিকেটের ব্যস্ততম সময়। সেই মাসেই বাংলাদেশের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি রয়েছে। তবে সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্কের জেরে সেই সফর ভারত সরকারের অনুমোদনের অপেক্ষায়।
সেই মাসেই জ়িম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় হওয়ার কথা। যদিও তা এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি। একই মাসে ওয়েস্ট ইন্ডিজ় ভারতে আসবে তিনটি এক দিনের ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি সিরিজ় খেলতে।
সেপ্টেম্বর মাসেই রয়েছে এশিয়ান গেমস। সেখানে খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ভারত গত বারের চ্যাম্পিয়ন। ২৫ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এশিয়াড চলার কথা। ফলে এমন পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে জাপানে ভারতের টি-টোয়েন্টি দল খেলতে নামবে এবং দেশের মাটিতে আর একটি দল ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলবে।
১৮ অক্টোবর নিউ জ়িল্যান্ড পৌঁছনোর কথা ভারতের। সেখানে পাঁচটি এক দিনের ম্যাচ, পাঁচটি টি-টোয়েন্টি এবং দু’টি টেস্ট খেলবে ভারত। সাদা বলের সিরিজ়ের পর টেস্ট সিরিজ় হবে।
ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরবে ভারত। দেশে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি করে এক দিনের ম্যাচ এবং টি-টোয়েন্টি খেলবে তারা। পরের বছর জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে চলবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়।