ICC T20 World Cup 2026

পাকিস্তান ক্রিকেটে নতুন বিতর্ক! বিশ্বকাপের মাঝে হোটেলের মহিলা কর্মীর সঙ্গে অশালীন আচরণ, শাস্তি পাক ক্রিকেটারের

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলেছে পাকিস্তান। সেখানেই হোটেলের এক মহিলা কর্মীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে এক পাক ক্রিকেটারের বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৬:৪৩
Share:

পাকিস্তান ক্রিকেট দল। —ফাইল চিত্র।

আরও এক বার সেমিফাইনালে ওঠার আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। ব্যর্থতার ধাক্কার পর এ বার বড় বিতর্কে পাকিস্তান ক্রিকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলেছে পাকিস্তান। সেখানেই হোটেলের এক মহিলা কর্মীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে এক পাক ক্রিকেটারের বিরুদ্ধে। শাস্তি পেয়েছেন ওই ক্রিকেটার। তবে তাঁর শাস্তি আরও বাড়তে পারে।

Advertisement

‘টেলিকম এশিয়া স্পোর্ট’ জানিয়েছে, বিশ্বকাপের সময় কলম্বোর গোল্ডেন ক্রাউন হোটেলে ছিল পাকিস্তান দল। সুপার এইটের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে হোটেলের এক মহিলা কর্মীর সঙ্গে এক ক্রিকেটার অশালীন আচরণ করেছেন বলে অভিযোগ। ওই মহিলা কর্মী চিৎকার করে ওঠেন। সেই চিৎকার শুনে হোটেলের বাকিরা সেখানে উপস্থিত হয়ে ক্রিকেটারকে হাতেনাতে ধরে ফেলেন। খবর দেওয়া হয় পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ চিমাকে।

জানা গিয়েছে, হোটেলের আধিকারিকেরা ওই ক্রিকেটারের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি তোলেন। সকলের সামনে ওই ক্রিকেটারের হয়ে ক্ষমা চান চিমা। ওই ক্রিকেটারকে আর্থিক জরিমানা করা হয়েছে। তখনকার মতো বিষয়টি মিটে গেলেও ওই ক্রিকেটারের ব্যবহারে খুশি হননি চিমা। তিনি বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ডের আধিকারিকদের জানিয়েছেন।

Advertisement

ওই ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি। তবে দেশে ফেরার পর আরও কড়া শাস্তি হতে পারে তাঁর। জানা গিয়েছে, পাক বোর্ডের শৃঙ্খলারক্ষা কমিটির সামনে হাজিরা দিতে হতে পারে ওই ক্রিকেটারকে। তাঁকে আরও কড়া শাস্তি দিতে পারেন মহসিন নকভিরা।

পাকিস্তান ক্রিকেটে এই ধরনের অভিযোগ নতুন নয়। পাকিস্তান শাহিন্সের হয়ে ইংল্যান্ডে খেলতে গিয়ে ধর্ষণের অভিযোগে ম্যাঞ্চেস্টার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন হায়দার আলি। মালয়েশিয়া গিয়ে হোটেলের এক মহিলা কর্মীর সঙ্গে অশালীন আচরণ করায় শাস্তি পেয়েছিলেন দলের সাপোর্ট স্টাফ মলং আলি। এ বার অভিযোগ উঠল পাকিস্তানের আরও এক ক্রিকেটারের বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement