(বাঁ দিকে) শান মাসুদ এবং শাহিন আফ্রিদি (ডান দিকে)। —ফাইল চিত্র।
নতুন বিতর্ক পাকিস্তানের ক্রিকেটে। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে অশান্তি পাকিস্তান শিবিরে। অধিনায়ক শান মাসুদ এবং জোরে বোলার শাহিন আফ্রিদি কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। প্রথম টেস্টে হারের জন্য শাহিনের খারাপ পারফরম্যান্সকে দুষেছেন মাসুদ। তা থেকেই শুরু অশান্তি।
মিরপুরে চতুর্থ ইনিংসে জয়ের জন্য ২৬৮ রান তাড়া করতে নেমে পাকিস্তান অলআউট হয়ে যায় ১৬৩ রানে। যা বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রান। শুধু তাই নয়। বাংলাদেশের কাছে টানা তিনটি টেস্টে হার অগ্নিগর্ভ করে তুলেছে পাক সাজঘরের পরিবেশ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।
পাক দলের সঙ্গে যুক্ত এক ব্যক্তি বলেছেন, ‘‘মাসুদ হারের জন্য জোরে বোলারদের দোষারোপ করেন। তাঁর অভিযোগের মূল তির ছিল শাহিনের দিকে। পরিসংখ্যান দিয়ে বলেন, ‘মিরপুর টেস্টে শাহিনের বলের গড় গতি ছিল ১৩২ কিলোমিটার প্রতি ঘণ্টা। অন্য দিকে, বাংলাদেশের নাহিদ রানার বলের গড় গতি ছিল ১৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। জোরে বোলারেরা প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি। বোলারদের ব্যর্থতার জন্যই বাংলাদেশের ব্যাটারদের চাপে ফেলা যায়নি।’’ তিনি আরও বলেছেন, ‘‘মাসুদের কথা শুনে রেগে যান শাহিন। তিনি পাল্টা বলেন, ‘দু’ইনিংসেই আমাদের ব্যাটিং ব্যর্থ হয়েছে। ব্যাটারেরা কী করেছে? অন্যকে দোষারোপ করার আগে মাসুদের উচিত নিজের পারফরম্যান্সের দিকে তাকানো।’ তার পর আরও কথা কাটাকাটি হয় দু’জনের মধ্যে।’’ উল্লেখ্য, মিরপুরে মাসুদ দু’ইনিংসে করেন যথাক্রমে ৯ এবং ২ রান।
মন্থর বোলিংয়ের জন্যও মাসুদ শাহিন এবং অন্য জোরে বোলারদের গাছাড়া মানসিকতাকে দায়ী করেন। শনিবার থেকে শুরু হওয়া বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একাদশ থেকে শাহিনকে বাদ দিয়েছেন মাসুদ। প্রথম টেস্টে দু’ইনিংস মিলিয়ে ৫ উইকেট নিয়েছিলেন শাহিন। তাঁর বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগও উঠেছিল।