(বাঁ দিকে) প্রীতি জিন্টা এবং প্রিয়াংশ আর্য (ডান দিকে)। ছবি: পিটিআই।
আহত প্রবীণ সমর্থকের পাশে পঞ্জাব কিংস। তাঁর খোঁজ নিলেন দলের অন্যতম কর্ণধার প্রীতি জিন্টা এবং ব্যাটার প্রিয়াংশ আর্য। আইপিএলের দলের আরও একটি ম্যাচ স্টেডিয়ামে এসে দেখার জন্য তাঁরা আমন্ত্রণও জানালেন কিশান চন্দকে।
মুল্লানপুরে গত ১৯ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছিল পঞ্জাব কিংস। সেই ম্যাচে প্রিয়াংশের একটি ছক্কা গ্যালারিতে গিয়ে পড়েছিল। বলের আঘাতে কপাল ফেটে যায় পঞ্জাব সমর্থক কিশানের। রক্ত বেরোতে শুরু করে। স্টেডিয়ামেই তাঁর শুশ্রূষা হয়। প্রবীণ সমর্থকের ডান চোখের ভ্রুর উপর সেলাই করতে হয়। কিশান কেমন আছেন জানতে তাঁর সঙ্গে যোগাযোগ করেন পঞ্জাব কর্তৃপক্ষ। ভিডিয়ো কলে তাঁর সঙ্গে কথা বলেন দলের মালকিন প্রীতি এবং প্রিয়াংশ। কিশানের শারীরিক খোঁজ খবর নেওয়ার পর, তাঁকে পঞ্জাবের আরও একটি ম্যাচ মাঠে এসে দেখার অনুরোধ করেন প্রীতি এবং প্রিয়াংশ।
ভিডিয়ো কলে প্রিয়াংশ বলেন, ‘‘ঘটনার ভিডিয়ো দেখার পর থেকে আপনার শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ছিলাম।’’ প্রীতি বলেন, ‘‘আমিও আপনাকে নিয়ে চিন্তিত ছিলাম।’’ জবাবে কিশান বলেন, ‘‘আপনাদের শুভেচ্ছায় আমি ভাল আছি।’’ এর পর প্রিয়াংশ তাঁকে বলেন, ‘‘আপনি ধর্মশালায় পরের ম্যাচটাও দেখতে আসুন। আর আমি যখন চন্ডীগড়ে থাকব, তখন আপনার সঙ্গে দেখা করব।’’ প্রবীণ সমর্থককে খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে প্রীতি বলেন, ‘‘আমিও আপনাকে ধর্মশালায় খেলা দেখতে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এ বার আপনাকে একটা হেলমেট দেব। সেটা পরে খেলা দেখবেন। তা হলে আপনার কাছে বল উড়ে এলেও আপনি নিরাপদ এবং সুরক্ষিত থাকবেন।’’
প্রীতি আরও বলেন, ‘‘আপনার সঙ্গে কথা বলতে পেরে খুব ভাল লাগল। ভাল আছেন জেনে স্বস্তি বোধ করছি। আমি কিন্তু আপনার জন্য ধর্মশালায় অপেক্ষা করব।’’ আগামী ১১ মে ধর্মশালায় দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবেন শ্রেয়স আয়ারেরা।
কিশনের সঙ্গে প্রীতি এবং প্রিয়াংশের কথাবার্তার ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেছেন পঞ্জাব কর্তৃপক্ষ। ক্রিকেটপ্রেমীদের একাংশ পঞ্জাব কর্তৃপক্ষের এই উদ্যোগ এবং সৌজন্যবোধের প্রশংসা করেছেন।